দেশের নারী ক্রিকেটের জনপ্রিয়তা ও মানোন্নয়নের লক্ষ্যে বিসিবির নেওয়া নতুন পদক্ষেপগুলোর একটি হলো আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া নারী বিপিএল। আয়োজনটির উদ্বোধনী আসরটি তিনটি দল নিয়ে করার পরিকল্পনা চলছে। বিসিবির নারী ক্রিকেট বিভাগের প্রধান হাবিবুল বাশার জানিয়েছেন, ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি তিনটি দল গড়তে সম্মত হয়েছে। সেই সঙ্গে পারিশ্রমিক কাঠামো কেমন হবে তারও ধারণা দিয়েছেন সাবেক এ অধিনায়ক।
আইকন ক্রিকেটারের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ৫ লাখ টাকা। এ ক্যাটাগরির বেতন ৪ লাখ, বি ক্যাটাগরিতে ৩ লাখ, সি ক্যাটাগরিতে ২ লাখ এবং ডি ক্যাটাগরিতে ১ লাখ টাকা। প্রতিটি দলে একজন আইকন খেলোয়াড় রাখা হবে। এ ও বি ক্যাটাগরিতে থাকবেন দুজন করে, সি ক্যাটাগরিতে তিনজন এবং ডি ক্যাটাগরিতে থাকবেন চারজন ক্রিকেটার।
হাবিবুল বাশার আরও জানান, ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক সক্ষমতার কথা মাথায় রেখে বাজেট পরিকল্পনা করা হয়েছে। প্রতিটি দলের খেলোয়াড়দের সম্মানী ৩২-৩৩ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে। পুরো টুর্নামেন্টের বাজেট ৫০ লাখ টাকার মধ্যে রাখার চেষ্টা চলছে।
নারী বিপিএলের প্রতিটি দলে ১৫ জন করে খেলোয়াড় থাকবেন। ৭ দিনের এ টুর্নামেন্টের নীতিমালায় একজন বিদেশি খেলোয়াড় রাখার সুযোগ রাখা হলেও তারা কোন ক্যাটাগরিতে থাকবেন সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। দেশি খেলোয়াড়দের বিসিবি পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করেছে। নারী বিপিএলের মাধ্যমে তরুণ প্রতিভাবান খেলোয়াড়রা নিজেদের দক্ষতা ও সামর্থ্য প্রমাণের মঞ্চ পাবে বলে আশা করছে বিসিবি।