পাচারের অর্থ ফেরাতে বিশ্ব নেতাদের সহায়তা চাই

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গতকাল বুধবার সুইজারল্যান্ডের দাভোসে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এ বৈঠকে তারা একে অন্যের সঙ্গে পারস্পরিক শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। ডব্লিউইএফ সম্মেলনে যোগ দিতে চার দিনের সরকারি সফরে গত সোমবার দাভোসে যান প্রধান উপদেষ্টা। সফরে উপদেষ্টার সঙ্গে বিশ্ব নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিশ্ব নেতাদের সহযোগিতা চান।

দুবাই সামিটে যোগদানের আমন্ত্রণ : আগামী ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫-এ যোগদানের আমন্ত্রণ পেয়েছেন প্রধান উপদেষ্টা। গতকাল দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখ লতিফা বিনতে মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে অধ্যাপক ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এ সময় তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫-এ যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। চলতি বছর ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট অনুষ্ঠিত হবে।

শেখ লতিফা বিনতে মুহাম্মদ বিন রশিদ অধ্যাপক ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তিন তরুণ উপদেষ্টাকে সঙ্গে নিয়ে সামিটে অংশগ্রহণের অনুরোধ করেন, যাতে এ তিন তরুণ উপদেষ্টা সামিটে তুলে ধরতে পারেন কীভাবে তারা স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছেন। বৈঠকে তরুণদের বিশ্ব নেতৃত্বে ভূমিকা রাখার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই।’

জার্মান ফেডারেল মন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক : প্রধান উপদেষ্টা গতকাল সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে জার্মানির হেড অব দ্য ফেডারেল চ্যান্সেলারি অ্যান্ড ফেডারেল মিনিস্টার ফর স্পেশাল টাস্ক ওলফগ্যাং শ্মিটের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

এ ছাড়া গতকাল প্রধান উপদেষ্টার দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন এবং সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা শেখ লতিফা বিনতে মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম এবং ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে বলেও জানান উপ-প্রেস সচিব।

এ ছাড়া প্রধান উপদেষ্টা গতকাল বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।

গতকাল অধ্যাপক ইউনূস দাভোসে ছয়টি বৈঠকে যোগ দেন। তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনের ফাঁকে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন। প্রধান উপদেষ্টা ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গেও সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। এ ছাড়া প্রধান উপদেষ্টা গতকাল জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্র্যান্ডির সঙ্গেও বৈঠক করেন।

বাংলাদেশের সঙ্গে কাজ করবে ইউএনএইচসিআর : জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি গত মঙ্গলবার বলেছেন, তার সংস্থা রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান খুঁজে বের করার লক্ষ্যে বাংলাদেশকে সহায়তা করবে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর গ্র্যান্ডি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট নিরসনে বিশেষ করে এ বছরের শেষদিকে একটি বড় বৈশ্বিক সম্মেলন আয়োজনের জন্য তার সহায়তা চাওয়ার পর গ্র্যান্ডি বলেন, ‘আমরা আপনাদের সহযোগিতা করতে প্রস্তুত। এ সময় অধ্যাপক ইউনূস বলেন, ‘আপনার কণ্ঠস্বর আরও সোচ্চার হতে হবে।’

অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকটের ওপর সারা বিশ্বের মনোযোগ ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে বলেন, অতিরিক্ত প্রায় এক লাখ শরণার্থীর আগমন বাংলাদেশের ওপর আরও বোঝা হয়ে উঠেছে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। তারা আরও রোহিঙ্গা বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে।’ এ সময় রোহিঙ্গাদের আশ্রয়স্থল তৈরির জন্য উন্নত উপকরণ ব্যবহার করার অনুমতি দেওয়ার জন্য গ্র্যান্ডি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। বৈঠকে তারা মিয়ানমারের রাখাইন রাজ্যের মানবিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। সেখানে এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।

প্রধান উপদেষ্টা বলেন, তিনি রোহিঙ্গা সংকট অবসানে উচ্চপর্যায়ের একজন প্রতিনিধি নিযুক্ত করেছেন এবং তিনি সব দেশের সরকার এবং আন্তর্জাতিক সংস্থার মধ্যে সমন্বয় করছেন।

বেলজিয়ামের রাজা ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা : প্রধান উপদেষ্টা গতকাল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে বেলজিয়ামের রাজা ফিলিপের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। প্রধান উপদেষ্টা গতকাল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গেও সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় আলোচনা করেন। এ ছাড়া তিনি জার্মানির হেড অব দ্য ফেডারেল চ্যান্সেলারি অ্যান্ড ফেডারেল মিনিস্টার ফর স্পেশাল টাস্ক ওলফগ্যাং শ্মিটের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে আমন্ত্রিত : মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসজেন সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

রাষ্ট্রদূত হিউসজেন প্রধান উপদেষ্টাকে আগামী ফেব্রুয়ারিতে জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত হতে যাওয়া বার্ষিক নিরাপত্তা সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। সাক্ষাৎকালে তারা জুলাই বিপ্লব, প্রতিবেশী দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং অনলাইনে ভুয়া তথ্য প্রচারের বিষয় নিয়ে আলোচনা করেন।

রাষ্ট্রদূত হিউসজেন বলেন, বাংলাদেশ সম্পর্কে ভুয়া খবর ও অপতথ্য প্রচারের জন্য ফেসবুকের মতো অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করা হচ্ছে। তিনি পরামর্শ দেন, বাংলাদেশ ইউরোপীয় দেশগুলোর উদাহরণ অনুসরণ করে অনলাইন প্ল্যাটফর্মের কনটেন্ট যাচাইয়ের ক্ষেত্রে আইন প্রণয়ন করতে পারে।

বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ : সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে গত মঙ্গলবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়াত্রা এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাক্ষাৎ : গত মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্তা বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়।