ঢাকা থেকে অপহরণ হওয়া রোকনুজ্জামান খান (৪০) নামের এক ব্যবসায়ীকে চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের তিন দিন পর গতকাল বুধবার চাঁপাইনবাবগঞ্জ শহরের গাবতলা মোড়ের একটি সাততলা ভবনের ছয়তলার একটি কক্ষের তালা ভেঙে তাকে উদ্ধার করা হয়। অবশ্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ বলছে, রোকনুজ্জামান খানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আছে। রাজশাহীর চন্দ্রিমা থানার দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তিনি। তাকে চন্দ্রিমা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উদ্ধার হওয়া রোকনুজ্জামান খান সাংবাদিকদের জানান, ঢাকার যমুনা ফিউচার পার্কের সামনে থেকে চাঁপাইনবাবগঞ্জের নয়াগোলা এলাকার একটি হাফেজিয়া মাদ্রাসার সুপার আব্দুর রাকিব সাত-আটজন লোক নিয়ে অস্ত্রের মুখে একটি অ্যাম্বুলেন্সে করে তাকে চাঁপাইনবাবগঞ্জ নিয়ে আসে। পথে তাকে চেতনানাশক দেওয়া হয়। পরের দিন নিজেকে একটি ঘরের মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান। বুধবার সকালে অপহরণকারীরা কক্ষে তালা মেরে চলে গেলে কৌশলে রোকনুজ্জামান জানালা খুলে চিৎকার করে পাশের ভবনের সহযোগিতা চাইলে তারা ৯৯৯-এ কল দেয়। পরে পুলিশ এসে ঘরের তালা ভেঙে উদ্ধার করে তাকে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি রইস উদ্দিন জানান, একজন মানুষকে অপহরণ করে রাখা হয়েছে এমন খবরের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। তাকে (রোকনুজ্জামান) উদ্ধারের পর অনেক ভুক্তভোগী থানায় এসে তারা তার মাধ্যমে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেন। পরে জানা যায়, তিনি রাজশাহীর চন্দ্রিমা থানার দুই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
ওসি রইস উদ্দিন বলেন, ‘রোকনুজ্জামান ঢাকার মগবাজারে বসবাস করলেও তিনি রাজশাহীর বাসিন্দা। রাজশাহীর চন্দ্রিমা থানার দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। সেই ওয়ারেন্টের ভিত্তিতে চন্দ্রিমা থানা পুলিশ তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা থেকে নিয়ে গেছে।’