চরম ফর্মহীনতায় ভূগছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুধু তিনিই নন, দলের আরও দুই ব্যাটার যশস্বী জয়সওয়াল ও শুবমান গিলেরও একই হাল। তারা সবাই ঘরোয়া রঞ্জি ট্রফিতে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। মুম্বাইয়ের হয়ে রঞ্জি খেলতে নেমে মাত্র ৩ রান করেছেন রোহিত। এছাড়া জয়সোয়াল এবং শুবমানও ৪ রান করে আউট হয়েছেন।
মুম্বাইয়ের শারদ পাওয়ার ক্রিকেট অ্যাকাডেমির মাঠে জম্মু-কাশ্মীরের মুখোমুখি হয়েছিল মুম্বাই। ওপেন করতে নামেন রোহিত ও যশস্বী। সবার নজর ছিল তাদের দিকে। জম্মু-কাশ্মীরের বোলিং আক্রমণে তেমন নামকরা কেউ নেই। সেই বোলিং অ্যাটাকের সামনেই হতোদ্যম হয়ে পড়েন রোহিতরা। প্রথমে আকিব নবির বলে এলবিডব্লিউ হন জয়সোয়াল। এরপর উমরান নাজিরের বলে ক্যাচ দিয়ে ফেরেন ১৯ বলে ৩ রান করা রোহিত।
অন্যদিকে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে কর্নাটকের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমেছে পাঞ্জাব। ওপেন করতে নেমে ৮ বলের বেশি খেলতে পারেননি শুবমান। ৪ রান করে অভিলাস শেঠির বলে ক্যাচ তুলে দেন। ভারতের জাতীয় দলের আরও দুই ক্রিকেটার রবীন্দ্র জাদেজা সৌরাষ্ট্রের হয়ে এবং রিশাভ পান্ত দিল্লির হয়ে রঞ্জি খেলছেন। তবে এখনও তাদের পারফর্মেন্স দেখা যায়নি।