নোয়াখালীর বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে গেছে। এতে মূল্যবান মালামাল পুড়ে অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। বুধবার (২২ জানুয়ারি) মধ্যরাতে গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র আফাজিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে আফাজিয়া বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি চলে যান। রাত ১২টার দিকে বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। এ সময় বাজারে থাকা ব্যবসায়ী ও আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে অবগত করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের হাতিয়া স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মুদি দোকান, তেলের দোকান, কসমেটিকস দোকান, ইলেকট্রনিক্সের দোকান, টিনের দোকান, হার্ডওয়ার ও খাবারের হোটেলসহ ১৩ দোকানের মূল্যবান মালামাল ও নগদ টাকা পুড়ে যায়। এতে অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে।
আবদুল্লাহ আল নোমান নামের ক্ষতিগ্রস্ত এক দোকানি বলেন, ফায়ার সার্ভিস আসতে আসতে দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আমরা ব্যবসায়ীরা কান্না করা ছাড়া কিছুই করতে পারি নাই। আমাদের সব শেষ হয়ে গেছে। নিজের চোখের সামনে স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে।
হাতিয়ার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণের সহায়তায় প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আমাদের জানামতে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।