হার্দিক-শাহিনরা যেন টম ক্রুজ, মিশন ইম্পসিবল-থিমে আইসিসির প্রোমো

মাত্র এক মাস দূরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া আট দলের এই টুর্নামেন্ট নিয়ে উত্তেজনা তুঙ্গে। দীর্ঘ আট বছরের বিরতির পর ফিরছে ক্রিকেটের ‘মিনি বিশ্বকাপ’। আর এই উপলক্ষে আইসিসি প্রকাশ করেছে দারুণ একটি প্রোমো, যা অনুরাগীদের মনে করিয়ে দিয়েছে হলিউড সুপারস্টার টম ক্রুজের জনপ্রিয় মুভি ‘মিশন ইম্পসিবল’-এর অ্যাকশন দৃশ্য।

বুধবার সন্ধ্যা ৬টায় আইসিসির সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এই ভিডিওতে বলা হয়েছে, ‘১৫ ম্যাচ, ৮ দল, ১ চ্যাম্পিয়ন। সকলেই লাইনে। অ্যাকশন শুরু ১৯ ফেব্রুয়ারি।’

প্রোমোর শুরুতে দেখা যায়, একটি রুমে রাখা রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্ল্যামারাস ট্রফিটি। এসির ভেন্টের ভেতর থেকে পাকিস্তানি অলরাউন্ডার শাদাব খান দড়ি ধরে ঝুলছেন, দড়ির অপর প্রান্তে বাঁধা আছেন শাহিন আফ্রিদি। শাদাব সতর্ক করেন, ‘লালা, আরামসে। চারদিকে বিপদ।’ উত্তরে শাহিন বলেন, ‘ভাই, একটা ভুল মানেই খেলা শেষ।’

এরপর প্রবেশ করেন ভারতের হার্দিক পান্ডিয়া। দূর থেকে একটি বল ছুঁড়ে তিনি লেজার রশ্মির অবস্থান প্রকাশ করেন। শাদাবের হাত ফসকে যাওয়ায় শাহিন রশ্মির সামনে পড়ে যেতে থাকেন, তবে অল্পের জন্য রক্ষা পান। তখন একটি ভয়েস ওভার শোনা যায়, ‘হার্দিক, তুমি কি এটা করতে পারবে?’ হার্দিক আত্মবিশ্বাসী জবাব দেন, ‘এটা চ্যাম্পিয়নদের খেলা। সবাই লাইনে।’

হার্দিক এরপর অ্যাক্রোবেটিক ভঙ্গিতে লেজার রশ্মি এড়িয়ে এগিয়ে যান ট্রফির দিকে। হঠাৎ মেঝে কেটে প্রবেশ করেন আফগানিস্তানের তারকা মহম্মদ নবি। নিজের আগমন জানান দিয়ে বলেন, ‘প্রেসিডেন্ট এখানে।’ এরপর যোগ দেন ইংল্যান্ডের ফিল সল্ট।

চার তারকা ট্রফির চারপাশে জড়ো হন, আর হার্দিক বলেন, ‘প্রতিযোগিতা! মজা হবে।’ ভিডিও শেষ হয় চার তারকার ট্রফি হাতে নেওয়ার চেষ্টার মধ্য দিয়ে।

আইসিসির এই প্রোমো রিলিজের পর ক্রিকেটপ্রেমীরা ভাসছেন উত্তেজনায়। আট বছরের অপেক্ষার পর চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরছে এমন অনন্য আয়োজনে, যা টুর্নামেন্টটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নেবে আটটি দল। ১৫ ম্যাচের এই প্রতিযোগিতায় একটি ম্যাচ হারলেই অনেকটা পিছিয়ে পড়ার শঙ্কা। টানটান উত্তেজনায় পূর্ণ এই টুর্নামেন্ট ঘিরে বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা দিন দিন বাড়ছে।