পাকিস্তানে গিয়ে রোহিতের ফটোশ্যুটের বিষয়ে যা বলল বিসিসিআই

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০১:০১ পিএম

চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে ভারত বনাম পাকিস্তানের বিতর্ক যেন থামছেই না। ভারতের আপত্তিতে হাইব্রিড মডেলে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এর আগে কিছু আনুষ্ঠানিকতা আছে। যেমন ক্যাপ্টেন্স ফটোশ্যুট। সেই ফটোশ্যুটে অংশ নিতে রোহিত শর্মা পাকিস্তানে যাবেন কিনা- তা এখনও নিশ্চিত নয়। অবশেষে এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বক্তব্য জানা গেল।

আইসিসির যে কোনো টুর্নামেন্টের আগেই সব দলের অধিনায়কদের নিয়ে আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলন এবং ফটোশ্যুটের আয়োজন করা হয়ে থাকে। ভারতে গত ওয়ানডে বিশ্বকাপের আগে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ফটোশ্যুটে উপস্থিত ছিলেন। কিন্তু গুঞ্জন আছে, চ্যাম্পিয়ন্স ট্রফির ফটোশ্যুট হতে পারে দুবাইয়ে। বিসিসিআই আপাতত সেই চেষ্টাই করে যাচ্ছে।

বার্তা সংস্থা পিটিআইকে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ শইকীয়া বলেছেন, ‘রোহিত পাকিস্তানে আইসিসির অনুষ্ঠানে যাবে কি না তা এখনও ঠিক হয়নি।’ তবে অন্য একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেছেন, ‘আইসিসি ইতিমধ্যেই আমাদের দাবি মেনে ভারতের ম্যাচগুলো পাকিস্তানের বদলে দুবাইয়ে সরিয়ে নিয়েছে। তাই এটাও (ফটোশ্যুট) আমাদের কাছে বড় কোনো ব্যাপার নয়।’

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারতের টুর্নামেন্ট শুরু হবে। গ্রুপ ‘এ’তে রয়েছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশ। এছাড়া গ্রুপ ‘বি’তে খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত