নতুন মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই অভিবাসনপ্রত্যাশীদের বিরুদ্ধে একের পর এক ব্যবস্থা নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এবার যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের অন্যতম রুট হিসেবে পরিচিত মেক্সিকো সীমান্তে এক হাজার ৫০০ জন সেনা, উড়োজাহাজ ও হেলিকপ্টার পাঠাচ্ছেন তিনি।
অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোর যেসব অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হবে, তাদের জন্য অস্থায়ী আশ্রয়স্থল তৈরি করছে মেক্সিকো কর্তৃপক্ষ। এমনই বেশ কিছু অস্থায়ী শিবির নির্মাণ হচ্ছে- এমন ছবি প্রকাশ করে এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় অভিবাসী প্রত্যাবর্তনে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়ার প্রতিশ্রুতি দেন। ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পরপরই এ বিষয়ে খড়গহস্ত হয়েছেন তিনি। এর পরিপ্রেক্ষিতে গীর্জা, স্কুল ও হাসপাতালের মতো সংবেদনশীল স্থানগুলো থেকে অবৈধ অভিবাসীদের আটকের অনুমতি দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে।