ওসির অনিয়মে স্থানীয়দের থানা ঘেরাও

রাজধানীর মোহাম্মদপুর থানায় অভিযোগ দিতে এসে ওসির হুমকির শিকার হয়েছেন এক ভুক্তভোগী। এ ঘটনায় মোহাম্মদপুর এলাকার বাসিন্দারা থানার সামনে অবস্থান নিয়ে ওসির অপসারণসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান। গতকাল বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদপুর থানার সামনে এ ঘটনা ঘটে। এদিকে স্থানীয় জনতার বিক্ষোভের খবর শুনে ওসি গতকাল সকালে জরুরি প্রয়োজনে পাঁচ দিনের ছুটি নিয়েছেন বলে থানা সূত্রে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত ৫ আগস্টের পর যাত্রাবাড়ী থেকে পালিয়ে আসা এক আওয়ামী লীগ নেতা বাবুল আক্তার বাবু মোহাম্মদপুর এলাকায় এসে আশ্রয় নিয়েছেন। এ এলাকায় এসে তার পূর্বপরিচিত এক সাবেক সেনা কর্মকর্তার ব্যবসাপ্রতিষ্ঠান দেখভাল করছিলেন। হঠাৎ ওই আওয়ামী লীগ নেতা ব্যবসাপ্রতিষ্ঠান দখল করে নেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলে উল্টো ওই আওয়ামী লীগ নেতার পক্ষ নিয়ে ভুক্তভোগীকে হুমকি দেন ওসি। বাসিন্দারা থানায় অবস্থিত তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারেক সেকান্দারের সঙ্গে ওসির নানা অপকর্মের বিষয়ে কথা বলেন। ভুক্তভোগীকে ওসির হুমকি ও আইনি সহায়তা না দেওয়া এবং হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতাদের থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন এই পুলিশ কর্মকর্তা। ওসির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বাস দেন। পরে ওসির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়ে অবস্থান কর্মসূচি শেষ করেন বাসিন্দারা।