গাজীপুরের শ্রীপুরে স্কুলপড়ুয়া এক শিশুকে (১৩) বাল্যবিয়ে দেওয়ার চেষ্টার সময় বর-কাজিকে কারাদণ্ড ও কনের মাকে জরিমানা করা হয়েছে। গত বুধবার রাত ১১টায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বৈরাগীরচালা গ্রামে এ ঘটনা ঘটে। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল।
জানা গেছে, বাল্যবিয়ে পড়াতে আসায় কাজি আবুল কালাম আজাদীকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। অভিযুক্ত আবুল কালাম আজাদী গোসিংগা ইউনিয়নের কর্ণপুর গ্রামের তাইজ উদ্দিনের ছেলে। অন্যদিকে বর ফাহরুম হোসেনকে (২৩) ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ফাহরুম সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাতাং গ্রামের ফারুক মিয়ার ছেলে। এ ছাড়া কনের মাকে দুই হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল বিষয়টি নিশ্চিত করেন।