দাম্পত্য কলহের জেরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রাণ হারিয়েছেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্যসহকারী সানোয়ার হায়দার (৩২)। গতকাল বৃহস্পতিবার সকালে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সানোয়ার হায়দার নীলফামারীর সৈয়দপুর পৌর এলাকার আবদুল হামিদের ছেলে। তিনি সরিষাবাড়ী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বন্যা প্রকল্পের কার্যসহকারী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, সানোয়ার সকাল সাড়ে ১০টার দিকে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ভুয়াপুরগামী ৩৭ আপ মেইল ট্রেন এলে হঠাৎ দৌড়ে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেন। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আশীষ চন্দ্র দে গতকাল জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।