দিনাজপুরের বিরল উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর সীমান্ত থেকে নিজ জমিতে কাজ করার সময় ধরে নিয়ে যাওয়া কৃষক আল আমিনকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে এনায়েতুর দ্বীপনগর গ্রামের সীমান্তের শূন্য রেখার মেইলর ৩২৩ নং এর সাব পিলার ১এস এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে আল আমিনকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। আল আমিন দ্বীপনগর গ্রামে আইজ উদ্দিনের ছেলে।
বৈঠকে বাংলাদেশের পক্ষে দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম ও ভারতের বিএসএফর অধিনায়ক বিপেন কুমার নেতৃত্ব দেন।
এর আগে শুক্রবার সকালে এনায়েতপুর দ্বীপনগর গ্রামে সীমান্তের শূন্য রেখার পাশে নিজ জমিতে কাজ করার সময় তাকে নিয়ে যাওয়া হয়।
স্থানীয়রা জানান, সকালে বিরল এনায়েতপুর দ্বীপনগর গ্রামে সীমান্তের শূন্য রেখার ৩২৩ নং পিলারের পাশে আল আমিন নিজ জমিতে কাজ করছিল। এসময় বিএসএফ এসে তাকে ধরে ক্যাম্পে নিয়ে যায়। পরে তার পরিবারের লোকজন বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যদের কাছে গিয়ে বিষয়টি জানায়।
দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার সকালে কয়েকজন বাংলাদেশি ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় সীমান্তের খুব কাছে ছিল আল আমিন। বিএসএফ আল আমিনকে সন্দেহ করে ধরে নিয়ে যায়। পরে খোঁজ নিয়ে জানা গেছে একজন সাধারণ খেটে খাওয়া মানুষ। পরে পতাকা বৈঠকের পর তাকে বিএসএফর কাছ থেকে ফেরত আনা হয়েছে। বিএসএফ সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছিল। এ ব্যপারে পতাকা বৈঠকে তাদের আমরা কড়াভাবে প্রতিবাদ করেছি।