দাউদকান্দিতে বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

কুমিল্লার দাউদকান্দিতে বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় অটোরিকশা চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকাল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি ইউটার্ন দিয়ে সরাসরি মহাসড়কের ঢাকমুখী লেনে প্রবেশ করলে ঢাকাগামী ইকোনো পরিবহনের বাসটি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোচালক নিহত হন। এসময় অটোরিকশার যাত্রী বাঞ্ছারামপুর উপজেলার শেকেরকান্দি গ্রামের আমজাদ হোসেনর স্ত্রী শাহানাজ বেগম (৪৫) ও তার মেয়ে আনিসা (৮) আহত হয়।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. লোপা ঘোষ জানান, সড়ক দুর্ঘটনায় আহত মা ও মেয়েকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক জাফর আহম্মেদ মিশু দেশ রূপান্তরকে জানান, নিহত অটোরিকশা চালকের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটি হেফাজতে নেওয়া হয়েছে।