প্রশাসনের উদ্যোগে হারানো শিশুকে ফিরে পেল পরিবার

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১০:৪৫ এএম

কুমিল্লার দাউদকান্দি পৌর সদরের প্রধান সড়কে কান্নারত অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায় ১০ বছরের এক শিশুকে। পরিবারের কাউকে পাশে না পেয়ে তাকে সহায়তা করে স্থানীয় দুই পথচারী। পরে উপজেলা প্রশাসন ও পুলিশের উদ্যোগে শিশু ফিরে পেয়েছে তার বাবা-মাকে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ওই শিশু রাজধানীর গেন্ডারিয়ার ধোপখোলা মাঠ এলাকা থেকে একা দাউদকান্দিতে চলে আসে। জিজ্ঞাসাবাদে তার নাম আখিঁ (১০) এবং বাবার নাম গিয়াস উদ্দিন বলে জানা যায়। প্রথমে তাকে থানায় নেওয়া হয়। পরে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন শিশুটিকে নিজের হেফাজতে নেন।

শিশুর বাবা-মাকে খুঁজে পেতে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ থেকে সবার সহযোগিতা চাওয়া হয়। পরে একটি ফোন কলের সূত্র ধরে প্রয়োজনীয় খোঁজখবর ও যোগাযোগের মাধ্যমে শিশুর বাবা গিয়াস উদ্দিনের সঙ্গে যোগাযোগ করে উপজেলা প্রশাসন।

যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণের ভিত্তিতে রবিবার (১৮ অক্টোবর) রাতে দাউদকান্দি পল্লী উন্নয়ন কর্মকর্তা টিপু সুলতান ও দাউদকান্দি মডেল থানা পুলিশ গেন্ডারিয়া থানার মাধ্যমে শিশুটিকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করেন।

ওই শিশুর প্রতিবেশী মোহাম্মদ আলী মোবাইল ফোনে জানান, তার নানা বা দাদার বাড়ি কুমিল্লার কোনো একটি উপজেলায়। সেখানে একা যাওয়ার চেষ্টা করতে গিয়ে সে পথ হারিয়ে ফেলে। আল্লাহর মেহেরবানিতে দাউদকান্দি থানা-পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় রবিবার রাতে মেয়েটিকে ফিরে পেয়েছেন তার বাবা-মা।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, শিশুটি তার বাবা-মাকে ফিরে পেয়েছে। এ মানবিক কাজে অনেকের সহযোগিতা পাওয়া গেছে। সবার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত