রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাজশাহী কলেজের শিক্ষার্থী শিহাবের ‘রহস্যজনক’ মৃত্যুর ঘটনায় ঢাকা-রাজশাহী মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট সংলগ্ন এলাকায় মহাসড়ক অবরোধ করে তারা এই কর্মসূচি পালন করেন। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট বন্ধ করে রাখেন।
বিশ্ববিদ্যালয়ের আশপাশের কাজলা, বিনোদপুর, মেহেরচন্ডীসহ বিভিন্ন এলাকার স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে রেখে ‘আয় রাবি দেখে যা, রাজপথে তোর বাপেরা’, ‘শিমুল ভাই মরল কেন, জবাব চাই জবাব চাই’, ‘প্রক্টরের চামড়া, তুলে নেব আমরা’ সহ বিভিন্ন স্লোগান দেয়।
সরেজমিনে দেখা যায়, সন্ধ্যা সোয়া ৬টায় বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটকের সামনে থেকে একটা বিক্ষোভ মিছিল বের করে স্থানীয়রা। মিছিলটি সাড়ে ৬টার দিকে বিনোদপুর গেটের সামনে এসে মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে দেয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বন্ধ করা গেট খোলার চেষ্টা করলে কয়েক দফা উত্তেজনা দেখা দেয়। তবে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা যায়নি।
নিহত শিমুলের বন্ধু শ্রাবণ হাসান বলেন, শিমুল আমার খুব কাছের বন্ধু। গতকাল রাতে আমার বন্ধু ক্যাম্পাসের ভেতর ছিল। এ সময় তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং শিক্ষার্থীরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার ও প্রক্টরের পদত্যাগ চাই।
নগরীর মেহেরচণ্ডী এলাকার বাসিন্দা শামীম বলেন, আমরা নিশ্চিত নই কে বা কারা শিমুলকে মেরেছে। আমরা চাই যারা শিমুলের মৃত্যুর সঙ্গে জড়িত ছিল, তাদের প্রত্যেকের সুষ্ঠু বিচার হোক। যতক্ষণ পর্যন্ত আমরা এর কোন সুষ্ঠু বিচার না পাব, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।
বিক্ষোভকারীরা জানান, আগামীকাল বেলা ১১ টায় নগরের তালাইমারি মোড়ে জড়ো হয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করবেন তারা।
বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু ভবনের সামনে থেকে মো. শিমুলকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে এবং পরে রাত সাড়ে ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে। স্থানীয় ও পরিবারের লোকজনের দাবি, শিমুলকে মারধর করে মারা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নির্মাণাধীন সড়কে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার।