শিবচরে শিক্ষার্থীদের ফ্রি বাস সার্ভিস করল ছাত্রদল নেতা

আপডেট : ১৪ মে ২০২৬, ০৪:১৬ পিএম

মাদারীপুরের শিবচরে সরকারি বরহামগঞ্জ কলেজের শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করা হয়েছে। কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিমেল মাদবরের উদ্যোগে শিবচর-পাঁচ্চর ও শিবচর-শেখপুর রুটে চলাচলকারী শিক্ষার্থীরা এখন থেকে বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন। 

জানা গেছে, উপজেলার শেখপুর ও পাঁচ্চর এলাকা থেকে প্রায় আড়াইশ থেকে তিনশত অসহায় ও দরিদ্র শিক্ষার্থী নিয়মিত সরকারি বরহামগঞ্জ কলেজে যাতায়াত করেন। আর্থিক সমস্যার কারণে অনেক শিক্ষার্থী নিয়মিত ক্লাসে উপস্থিত হতে পারতেন না, ফলে তাদের উপস্থিতির হারও কমে যেত।

এই সমস্যা সমাধানে হিমেল মাদবর স্থানীয় বাস মালিকদের সঙ্গে আলোচনা করেন। তার উদ্যোগে আনন্দ পরিবহনের বাসে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করা হয়।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা। তারা বলেন, এতে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা সহজ হবে এবং পড়াশোনায় আরও মনোযোগ দেওয়া সম্ভব হবে।

স্থানীয় সচেতন মহলও এ উদ্যোগকে প্রশংসনীয় হিসেবে উল্লেখ করে বলেন, এমন মানবিক পদক্ষেপ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।

এ বিষয়ে হিমেল মাদবর বলেন, সরকারি বরহামগঞ্জ কলেজে অনেক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী পড়াশোনা করেন। দূরদূরান্ত থেকে আসায় তাদের অনেক খরচ হয়। অনেক সময় অর্থের অভাবে তারা নিয়মিত কলেজে আসতে পারেন না। তাই আগামী রবিবার থেকে পাঁচ্চর ও শিবচর এলাকা থেকে আসা শিক্ষার্থীরা বিনা ভাড়ায় কলেজে যাতায়াত করতে পারবেন বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত