হেরে সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

ম্যাচ জিতলেই নিশ্চিত বিশ্বকাপ। এমন সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না নিগার সুলতানা জ্যোতিরা। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিক উইন্ডিজের কাছে ৮ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। তাতে শুধু ২–১ ব্যবধানে সিরিজই হারল না, ভাঙল ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্নও।

মাত্র ১১৮ রানের লক্ষ্য দিয়ে ম্যাচ জেতা তো দূরের কথা, লড়াইও করতে পারেননি জ্যোতিরা। ২২.৩ ওভার হাতে রেখে সহজ জয় তুলে নেয় ক্যারিবিয়ানরা।

নারীদের ওয়ানডে চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ ম্যাচ ছিল এটি। জিতলেই প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ মিলত বাংলাদেশের। তবে হারের ফলে চ্যাম্পিয়নশিপ টেবিলে ২১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থেকে চক্র শেষ করেছে তারা। সমান ২১ পয়েন্ট থাকলেও নেট রান রেটে এগিয়ে ছয়ে থেকে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।

এখন মূলপর্বে জায়গা পেতে ছয় দলের বাছাইপর্ব খেলতে হবে বাংলাদেশকে। যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকবে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ড। এখান থেকে মাত্র দুটি দল পাবে মূলপর্বের টিকিট।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশ ইনিংস শুরু থেকেই বিপর্যস্ত ছিল। দলীয় ৬ রানে মুর্শিদা খাতুন ফেরার পর দ্বিতীয় উইকেটে শারমিন আক্তার (৩৭) ও ফারজানা হক (২২) ৬২ রানের জুটি গড়েন। এরপর শুরু হয় আসা-যাওয়ার মিছিল।

২৩তম ওভারে শারমিনের বিদায়ের পর দলীয় ১০০ রানের আগেই আউট হন ফারজানা ও অধিনায়ক নিগার (১১)। শেষদিকে সোবহানা মোস্তারি (২৫) ছাড়া কেউই দাঁড়াতে পারেননি। ৩০.৫ ওভারে ৪ উইকেটে ৯৪ রান থেকে বাকি ২৪ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ১১৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

উইন্ডিজের স্পিনার কারিশমা রামহারাক ছিলেন বিধ্বংসী। ৬.৫ ওভারে ১২ রানে ৪ উইকেট তুলে নিয়ে গড়েন ক্যারিয়ারসেরা বোলিং ফিগার।

১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দাপুটে ছিল ওয়েস্ট ইন্ডিজ। ১১.৫ ওভারে ৪৫ রানের ওপেনিং জুটি গড়েন কিয়ানা জোসেফ (৩৯) ও হেইলি ম্যাথুস (২২)। নাহিদা আক্তার ম্যাথুসকে ফিরিয়ে কিছুটা স্বস্তি আনলেও আর কোনো চমক দেখাতে পারেনি বাংলাদেশ।

কিয়ানা জোসেফের বিদায়ের পর শেমাপইনে ক্যাম্পবেল (২৫*) ও দিয়ান্দ্রা ডটিন (৩৩*) অপরাজিত থেকে ৪৯ রানের জুটি গড়ে ২২.৩ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করেন।

সিরিজের হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। সেন্ট কিটসে মঙ্গলবার অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ।