নোয়াখালীর সেনবাগে অস্ত্র ঠেকিয়ে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অপরদিকে, জেলা শহর মাইজদীতে ৪টি দোকানে চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (২৫ জানুয়ারি) ভোরে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের কৈইয়াজলা গ্রামের ছিদ্দিক আহমদ কোম্পানির বাড়িতে এ ডাকাতি হয়। একই দিন জেলা শহর মাইজদীর বড় মসজিদ মোড় সংলগ্ন এনএস প্লাজায় চুরির ঘটনা ঘটে।
ছিদ্দিক আহমদের শ্যালক মহিন উদ্দিন বলেন, শনিবার ভোরে আনুমানিক ৪টার দিকে ৮-১০ জনের ডাকাতদল প্রথমে বাসার প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ডাকাত দলের সদস্যরা ঘরের দরজা ভেঙে পরিবারের সদস্যদের মাথায় অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইলসহ ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এদিকে, শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময়ে মাইজদীর বড় মসজিদ মোড় সংলগ্ন এনএস প্লাজার তিনতলা ভবনের তালা ভেঙে ৪টি দোকানে চুরির ঘটনা ঘটে। এ সময়ে নগদ ৮২ হাজার টাকাসহ ৪০ হাজার টাকার কাপড় চুরি করে নিয়ে যায়।
সুধারাম থানার ওসি কামরুল ইসলাম ও সেনবাগ থানার ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।