বিএনপির আগের বক্তব্যের সঙ্গে এখনকার বক্তব্যের মিল নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি বলেছেন, বিএনপির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্রদের কেন দূরত্ব সেটা আমার বোধগম্য না। বিএনপির আগের বক্তব্যের সঙ্গে এখনকার বক্তব্যের মিল নাই। বিএনপি কেন এ ধরনের বক্তব্য দিচ্ছে সেটা তাদের কাছেই প্রশ্ন করা দরকার।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ শহরের পুরাতন কোর্ট সংলগ্ন শিল্পকলা একাডেমিতে সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিএনপির উদ্দেশ্যে মুফতি ফয়জুল করীম বলেন, ছাত্র জনতার আন্দোলনের কারণে আপনারা মুক্তি পেয়েছেন। এখনো রক্তের দাগ শুকায় নাই। এখনো অনেক আহত হাসপাতাল থেকে ছাড়া পায় নাই। এখনই তাদের সমস্ত অবদান ভুলে গেছেন। বাংলাদেশের মানুষ কখনোই নেমকহারাম পছন্দ করে না। তাই সতর্ক হোন। এভাবে বক্তব্য দিলে ভবিষ্যতে আপনাদের কি হবে আমি বলতে পারি না। বাংলাদেশের মানুষ কখনো জালেমকে ক্ষমা করেনি।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ভ্যাট ট্যাক্স বাড়ানোর চেষ্টা করবেন না। চুরি সিন্ডিকেট বন্ধ করতে পারলে ভ্যাট ট্যাক্স বাড়ানোর প্রয়োজন হবে না। চুরি সিন্ডিকেট বন্ধ করতে পারলে দ্রব্যমূল্যের দাম কমে যাবে। অর্থনীতি চাঙ্গা হবে।
তিনি আরও বলেন, আপনাদের শক্ত হাতে দেশ পরিচালনা করতে হবে। এনজিও কায়দায় কথা বললে দেশ পরিচালনা করতে পারবেন না। ইনসাফের সঙ্গে নরম-গরমের মতো দেশ পরিচালনা করতে হবে।