বিসিবির গঠনতন্ত্র সংশোধনের জন্য গড়া কমিটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিচালনা পর্ষদের সভায়। সেই সঙ্গে স্থগিত করা হয়েছে খসড়া গঠনতন্ত্রও। এর ফলে প্রথম বিভাগ ক্রিকেট মাঠে গড়াতে আর কোনো বাধা নেই।
বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের নেতৃত্বে প্রস্ততকৃত খসড়া গঠনতন্ত্রে ঢাকার ক্লাবগুলোর প্রতিনিধি কমিয়ে আনার প্রস্তাব ছিল। এর প্রতিবাদে লিগ বর্জনের হুমকি দিয়েছিল ক্লাবগুলো। এ বিষয়ে মিডিয়া কমিটির নতুন প্রধান ইফতেখার রহমান জানান, বোর্ডসভায় সিদ্ধান্ত নেওয়া হয় গঠনতন্ত্র সংশোধন কমিটিকেই স্থগিত করার।
এছাড়া বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক এবং ফিক্সিং ইস্যু নিয়ে আগামী ৪৮ ঘন্টার মধ্যে বৈঠকে বসবে টুর্নামেন্টটির গভর্নিং কাউন্সিল। দ্রুততার সঙ্গে এই বিষয়গুলো মিটিয়ে ফেলার কথা জানিয়েছেন বিসিবির এ পরিচালক।