খুনিদের বিচার করে নির্বাচনের দিকে এগোতে হবে: উপদেষ্টা মাহফুজ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, প্রতিষ্ঠানগুলো হাসিনাকে টিকিয়ে রেখেছে, সেই প্রতিষ্ঠানগুলোকে একই রকম রেখে আমরা নির্বাচন করতে পারি না। নির্বাচন করার আগে অবশ্যই হাসিনার ওই প্রতিষ্ঠান ও দালালরা আছে, তাদের উৎখাত করে এবং খুনিদের বিচার করে আমাদের নির্বাচনের দিকে এগোতে হবে।

শনিবার (২৫ জানুয়ারি) বিকালে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা সরকারি কলেজ প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহফুজ আলম বলেন, আমাদের কারও তাঁবেদারি করার আর দরকার নেই, ছাত্রজনতাই ২৪ জুলাই নতুন প্রেরণা নিয়ে শহীদ হয়েছে আহত হয়েছে। তাদের চেতনা ধরে আমাদেরকে এগুতে হবে। আওয়ামী লীগ আবারও যদি দিল্লির কোলে আশ্রয় নিয়ে আমাদের দিকে চোখ রাঙাতে চায়, আমরা বসে থাকবো না। শহীদদের পথ অনুসরণ করে আমরা শাহাদাতের পথ বেছে নেব।

তিনি বলেন, আমরা আবার লড়াই করবো। আমরা শুধু আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনব্যবস্থা উৎখাত করে সন্তুষ্ট নই। বরং আওয়ামী লীগ ফ্যাসিজমের যত বৈশিষ্ট্য বিভিন্ন প্রান্তে, প্রশাসনে, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে রয়ে গেছে, তাদেরকেও আমরা বিচারের আওতায় আনবো। তাদেরকে বিচারের আওতায় এনে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দিকে এগিয়ে যাব।

অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা বলেন, অনেকগুলো কমিশন সংস্কারের প্রস্তাবনা প্রস্তুত করেছেন। খুব শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমতের ভিত্তিতে সংস্কারের পরে নির্বাচন হবে।

তিনি বলেন, আমরা রাজনৈতিক দলগুলোকে বলব— আসুন বাংলাদেশ পন্থার মধ্য দিয়ে আমরা যারা ফ্যাসিবাদবিরোধী শক্তি আছি, ঐক্যবদ্ধ হই, সরকারকে সহযোগিতা করি এই সংস্কারগুলো করার জন্য।