এবারের বিপিএল মাঠে গড়ানোর পর দুর্বার রাজশাহী দলের ক্রিকেটারদের পারিশ্রম ইস্যু নিয়ে খবর হয়। টুর্নামেন্টের মাঝপথে এসেও বিষয়টির সুরাহা হয়নি। যদিও বিসিবি থেকে বারবার আশ্বাস দেওয়া হয়েছিল, দ্রুতই তারা বিষয়টির মীমাংসা করবেন।
এখন পর্যন্ত রাজশাহী সব ক্রিকেটারকে ২৫ শতাংশ টাকা পরিশোধ করেনি।
আজ (শনিবার) বিসিবির সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে প্রেস ব্রিফিংয়ে পারিশ্রমিক ইস্যুতে বিসিবি পরিচালক মাহবুব আনাম গণমাধ্যমকে বলেন, 'এটা নিয়ে আলোচনা হয়েছে। ইমিডিয়েট যে সিদ্ধান্তের কথা সেটা নিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিল এবং মালিকদের মধ্যে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সকলকে নিয়েই বসব। যাতে এটা স্পষ্ট থাকে যে আমার কাছে মনে হয়েছে বেশ কিছু দূরত্ব তৈরি হয়েছে। আমরা এসব দূরত্ব ক্লোজ করব।'
এবারের আসরে নবাগত দল দুর্বার রাজশাহী। খেলার চেয়ে বাইরের বিষয়েই খবরের শিরোনামে এসেছে বেশি।
রাজশাহী ছাড়াও একাধিক ফ্র্যাঞ্চাইজিতে পারিশ্রমিক বিতর্ক আছে। চিটাগাং কিংসের ওপেনার পারভেজ হোসেন ইমনও পারিশ্রমিক না পাওয়ার খবর সামনে এসেছে।