ক্রিকেট বোর্ডে মোবাইল তল্লাশীতে কর্মীদের উদ্বেগ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে কর্মীদের মোবাইল ফোন তল্লাশির ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই কয়েক দিন ধরে কর্মীদের মোবাইল ফোন পরীক্ষা করা হচ্ছে বলে জানা গেছে। হঠাৎ এই তল্লাশিতে অস্বস্তি ও শঙ্কার মধ্যে আছেন বোর্ডের অনেক কর্মকর্তা-কর্মচারীরা।

উদ্বেগ জানিয়ে বিসিবির একজন কর্মচারী বলেন, ‘কোনো ঘোষণা ছাড়াই কয়েকদিন ধরে এভাবে ফোন তল্লাশিতে সবার মধ্যেই এক ধরনের ভয় কাজ করছে। অথচ আমাদের কোনো কারণ বলা হচ্ছে না।’

তবে বিসিবির নিরাপত্তা বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ জানান, কর্মীদের মোবাইল ফোন পরীক্ষা নতুন বা বিশেষ কোনো উদ্যোগ নয়। এটি তাদের নিয়মিত নিরাপত্তা কার্যক্রমের অংশ। এ ধরনের তল্লাশির জন্য অগ্রীম সতর্কবার্তা দেওয়ার কিছু নেই বলেই মন্তব্য করেন তিনি, ‘এটা রুটিন অ্যাফেয়ার। বিশেষ কোনো কারণ নেই। সরকারি সব জায়গাতেই এ ধরনের বিষয় হয়। এখানে রিপোর্ট করার মতো কিছু নেই। যাদের মোবাইল তল্লাশি করা হয়েছে, তাদের হয়তো কিছুটা কষ্ট হচ্ছে। এ ছাড়া আর কিছু নয়। কেউ ভালো হলে সে ভালোই থাকবে। এখানে ভয় পাওয়ার কিছু নেই।’

সাধারণত ম্যাচের সময় খেলোয়াড়, দল-সংশ্লিষ্ট ব্যক্তি কিংবা বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আওতায় থাকা ব্যক্তিদের ক্ষেত্রে এ ধরনের তল্লাশি দেখা গেলেও বিসিবির সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের মোবাইল ফোন পরীক্ষা নতুন অভিজ্ঞতা। তবে নিরাপত্তা বিভাগের প্রধানের যুক্তি, শুধু ক্রিকেটারদের পরীক্ষা করে অন্যদের বাইরে রাখার সুযোগ নেই। শামীমের ব্যাখ্যা, ‘শুধু খেলোয়াড়দেরই আমরা চেক করব, আর বাকিরা সবাই পার পেয়ে যাবে, তা কীভাবে হয়? এখন থেকে এটা নিয়মিতই হবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত