নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার সিক্স পর্বের প্রথম ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। ঠিক ৩৪ দিন আগে কুয়ালালামপুরের বেউয়েমাস ওভালের এই মাঠেই এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপা স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়েছিল সুমাইয়া আক্তারদের। আজ সেই হারের শোধ নিতে না পারলে বিশ্বকাপ থেকেও ছিটকে যেতে হবে দেশের মেয়েদের।
গ্রুপ পর্ব থেকে ২ পয়েন্ট নিয়ে সুপার সিক্সের গ্রুপ ১-এ এসেছে বাংলাদেশ। এই পর্বে বাংলাদেশসহ প্রত্যেকেই খেলবে দুটি করে ম্যাচ। ছয় দল থেকে সেরা দুটি যাবে সেমিফাইনালে। অস্ট্রেলিয়া তাদের প্রথম ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে ফেলেছে এরই মধ্যে। ভারতের আছে ৪ পয়েন্ট। আজ বাংলাদেশকে হারালে তাদেরও হবে ৬ পয়েন্ট। সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচটির আর কোনো গুরুত্ব থাকবে না।
গ্রুপ পর্বে নেপাল ও স্কটল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। কঠিন টক্কর দিয়েছিল অস্ট্রেলিয়াকেও। আসরে সুমাইয়াদের দুর্বলতার জায়গা ব্যাটিং। আজ সাড়ে ১২টার ম্যাচে সেটি পুষিয়ে উঠে অস্ট্রেলিয়া ম্যাচের মতো দাপট দেখাতে পারলে- তবেই সম্ভব বিশ্বকাপ স্বপ্ন জিইয়ে রাখা।