বগুড়া

৯৯৯-এ কল, পুকুর থেকে থানার লুণ্ঠিত অস্ত্র উদ্ধার

গত ৫ আগস্ট বগুড়া সদর থানা থেকে লুণ্ঠন হয় ৩৯টি আগ্নেয়াস্ত্র। লুণ্ঠন হওয়া অস্ত্রের মধ্যে রোববার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার এরুলিয়ার ঘোলাগাড়ি পূর্বপাড়ার পুকুর থেকে একটি চাইনিজ রাইফেল ও একটি এলএমজি অস্ত্র উদ্ধার করেছে।

বিকেল সোয়া ৫টার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

বগুড়া সদর থানা ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্থানীয় রাশেদুল ইসলাম জনি বিকালে জমিতে কীটনাশক দিতে ওই পুকুরে পানি আনতে যান। সে সময় পুকুরের কাদামাটিতে অস্ত্র দুটির নল বের হয়ে থাকতে দেখেন। তখন তিনি আশপাশের লোকজনকে ডেকে নিয়ে আসেন।

প্রত্যক্ষদর্শী ঘোলাগাড়ি গ্রামের সার্থক হাসান জানান, বিষয়টি জানার পরে ঘটনাস্থলে অন্যান্যদের সাথে উপস্থিত হয়ে ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে অবগত করেছি। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন জানান, ৯৯৯ ফোন পেয়ে আমি অফিসার ফোর্সসহ ঘটনাস্থলে যাই এবং কাদামাটির মধ্যেও পাওয়া দুটি আগ্নেয়াস্ত্র পরিত্যক্ত অবস্থায় দেখতে পাই। পুকুরের মধ্য আরো অস্ত্র আছে কিনা সেটি জানার জন্য পুকুর সেচ করে তল্লাশি করার প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া দুটি অস্ত্রের গায়ে থাকা নাম্বার মিলিয়ে নিশ্চিত হয়েছি গত বছরের ৫ আগস্ট বগুড়া সদর থানার লুণ্ঠিত হওয়া অস্ত্রগুলোর মধ্য দুটি। সে সময় সদর থানা থেকে মোট ৩৯টি অস্ত্র লুণ্ঠন হয় এবং তারমধ্যে ১৬টি অস্ত্র উদ্ধার হলো।