টাকা নিয়ে প্লেয়ারদের দরজায় নক করা হয়েছে তারা খুলে নাই: তাসকিন

সকালে গুঞ্জন ছিল, পারিশ্রমিক না পাওয়ার কারণে রাজশাহীর ক্রিকেটাররা হয়তো রংপুরের বিপক্ষে খেলবেন না। তবে সন্ধ্যায় পরিস্থিতি পাল্টায়। দলটির ম্যানেজমেন্ট বিদেশি খেলোয়াড়দের সঙ্গে পারিশ্রমিকের সমঝোতা করার চেষ্টা চালালেও, তাদের কেউই মাঠে নামতে রাজি হননি।

অধিনায়ক তাসকিন আহমেদ জানালেন, শেষ মুহূর্তে দেশি ক্রিকেটারদের নিয়েই মাঠে নামার সিদ্ধান্ত নেন তারা। ম্যাচ শুরুর আগে টেকনিক্যাল কমিটি নিয়ম ভেঙে রাজশাহীকে বিদেশি খেলোয়াড় ছাড়া খেলার অনুমতি দেয়।

বিপিএলের নিয়ম অনুযায়ী, প্রতি দলে অন্তত ২ জন বিদেশি খেলোয়াড় থাকা বাধ্যতামূলক। তবে রাজশাহীর আবেদনের প্রেক্ষিতে টেকনিক্যাল কমিটি প্লেয়িং কন্ডিশনের ১.২.৮ ধারা অনুযায়ী এই বিশেষ অনুমতি দেয়।

ম্যাচের শুরু থেকেই রাজশাহী ছিল চাপে। ১১৯ রানের পুঁজি নিয়ে শক্তিশালী রংপুর রাইডার্সের বিপক্ষে লড়াই করা সহজ ছিল না। কিন্তু বল হাতে তাসকিন আহমেদ নেতৃত্ব দেন সামনে থেকে। তার সঙ্গে অন্য দেশি ক্রিকেটারদের চেষ্টায় ম্যাচে ঘুরে দাঁড়ায় রাজশাহী।

শেষ মুহূর্তে স্নায়ু ধরে রেখে তারা রংপুরকে হারায় ২ রানের ব্যবধানে। এই জয়ে রাজশাহী প্লে-অফের দৌড়ে নিজেদের অবস্থান আরও মজবুত করল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদ জানালেন, এই ম্যাচ ছিল তার জীবনের অন্যতম নাটকীয় দিন।

তিনি বলেন,  'আজকে দিনের শুরু থেকেই অনেক ড্রামা দেখেছি আমরা প্লেয়াররা। শেষের দিকে আমি যতটুকু শুনেছি যে টাকা নিয়েও বিদেশি ক্রিকেটারদের রুমে কড়া নাড়া হয়েছে। কেউ দরজা খুলেনি। শেষ মুহূর্তে আমরা স্থানীয় প্লেয়াররাই ছিলাম। শুরুতে সবাই একটু হতাশ ছিল। আমরাও ছিলাম। যখন ১২০ রান হয়েছে এবং আমরা ব্যাটিং করে দেখলাম এতো সহজ না আজকের উইকেটটা। হয়তো ১৫-২০ রান কম ছিল কিন্তু টিম এফোর্ট এবং দলের সবার চেষ্টার ফল আমরা শেষে পেয়েছি।'

এবারের বিপিএলে নতুন অভিজ্ঞতা হয়েছে তাসকিনের। ম্যাচের দিক সকালেই বদলাতে হয়েছে হোটেল। কিছুক্ষণ পরই খবর পান বিদেশি ক্রিকেটাররা খেলবেন না। এরপর বোর্ডের বার্তা পেয়ে দেশি ক্রিকেটারদের নিয়ে মাঠে আসেন তাসকিন। এরপর তাদের নিয়েই নেমে পড়তে হয় বাঁচা মরার ম্যাচে। 

তাসকিন আরও যোগ করেন, 'আমার জীবনে নতুন একটা অভিজ্ঞতা হয়েছে ম্যাচের দিন... আমি যতটুকু শুনেছি আমাদের নাকি বুকিং দেয়া ছিল শেরাটনে। পরে ওয়েস্টিনে ছিল। ...ওয়েস্টিনে সব রুম বুক হয়ে গেছে। পরে আমরা হোটেল পরিবর্তন করেছি। পরিবর্তনের পর ২ ঘণ্টা আগে জানি যে বিদেশি কেউ যাবে না। তখন বোর্ড থেকে ফোন দিয়ে বললো যে তোমরা আসো। অন্তত খেলো। বিদেশি ক্রিকেটারদেরও ফোন করা হয়েছিল বোর্ড থেকে। পেমেন্ট ব্যাপার না। এটা হয়ে যাবে। তাও তারা আসেনি।'