ফের নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ১৮

নাইজেরিয়ার জ্বালানিবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। আজ রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির জাতীয় সড়ক নিরাপত্তা সংস্থা জানিয়েছে, গত শনিবার নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এনুগু প্রদেশে জ্বালানিবাহী ট্যাঙ্কার ট্রাক বিস্ফোরণে ১৮ জন নিহত হয়েছেন। এক সপ্তাহ আগে দেশটিতে একই ধরনের আরেকটি ঘটনায় প্রায় ১০০ জন নিহত হন।

এ বিষয়ে ফেডারেল রোড সেফটি কর্পসের মুখপাত্র ওলুসেগুন ওগুংবেমাইড এক বিবৃতিতে বলেছেন, ‘রাস্তায় চলার একপর্যায়ে ট্রাকটির ব্রেক ব্যর্থতার সম্মুখীন হয় এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে ট্রাকটি এক্সপ্রেসওয়েতে সামনে থাকা বেশকিছু যানবাহনের মধ্যে বিধ্বস্ত হয়।’

তিনি বলেন, ‘এ ঘটনায় আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও তিনজনকে উদ্ধার করা হয়েছে যারা অক্ষত রয়েছেন।’

ওগুংবেমাইড বলেছেন, ‘দুর্ভাগ্যবশত বিস্ফোরণের পর আগুনে পুড়ে নিহত ১৮ ভুক্তভোগী এতোটাই দগ্ধ হয়েছেন যে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব নয়।’