মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১১:৫০ এএম

ট্রাফিক পুলিশের দেওয়া মামলার প্রতিবাদে মহাখালী বাস টার্মিনালের সামনের রাস্তা অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে নয়টা থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত তারা রাস্তা অবরোধ করে রাখেন। এতে মহাখালী ও আশপাশের সড়কে তীব্র যানজট দেখা দেয়।

পরে ট্রাফিক পুলিশ ও তেজগাঁও পুলিশের অনুরোধে সড়ক থেকে সরে যান শ্রমিকরা।

তেজগাঁও শিল্পাঞ্চল লাভ রোড এলাকায় দেখা যায়, বিজয় সরণি থেকে ফ্লাইওভার হয়ে যানবাহন বামে টার্ন করলেও সামনে যানজট। আবার ডানের মগবাজার সাতরাস্তা অভিমুখে রাস্তা পুরোপুরি বন্ধ যানজটে। অন্যদিকে মহাখালী থেকে আসা লেনও স্থবির।

লাভ রোডে কর্তব্যরত ট্রাফিক সদস্যরা জানান, মহাখালী বাস টার্মিনানের সামনে শ্রমিকদের অবস্থানের কারণে সড়কে এ পরিস্থিতি তৈরি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবীর খান গণমাধ্যমকে বলেন, পরিবহন শ্রমিকরা মহাখালী বাস টার্মিনালের সামনে রাস্তা অবরোধ করেছিল। খবর পেয়ে সেখানে উপস্থিত হয় তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে।

শ্রমিকদের দাবি-দাওয়া অবগত হয়ে তাদের সরে যাওয়ার অনুরোধ করা হয়। বেলা পৌনে ১১টার দিকে তারা রাস্তা ছেড়ে চলে যান। এখন যান চলাচল স্বাভাবিক।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত