৩০ জানুয়ারি থেকে প্রথম বিভাগ লিগ, মার্চে প্রিমিয়ার লিগ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র সংশোধনকে কেন্দ্র করে ঢাকার ক্লাবগুলোর ডাকা ধর্মঘট প্রত্যাহার করায় কেটে গেছে অচলাবস্থা। কাল বিকেলে হবে প্রথম বিভাগ ক্রিকেট লিগের ট্রফি উন্মোচন এবং অধিনায়ক ও ম্যানেজারদের সঙ্গে আম্পায়ারদের বৈঠক। বৃহস্পতিবার থেকে মাঠে গড়াবে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। সোমবার সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস এর চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরি।

আজ দুপুরে, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে ঢাকার ক্লাবগুলো প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন সিসিডিএম চেয়ারম্যান ও বিসিবি পরিচালক সালাউদ্দিন। মত বিনিময় শেষে সালাউদ্দিন সাংবাদিকদের জানান, 'আমরা আসলে সব ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বসলাম। আমাদের উদ্দেশ্য ছিল কত তাড়াতাড়ি আমরা লিগটা (প্রথম বিভাগ) শুরু করতে পারি। দ্বিতীয় বিভাগ ও তৃতীয় বিভাগ শেষ হয়ে গেছে, প্রথম বিভাগটা করতে গিয়ে একটা জায়গায় আমরা থেমে গিয়েছিলাম। সেটা নিরসনেই আমরা আজকে (সোমবার) বসছিলাম, আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। সিদ্ধান্ত হচ্ছে প্রথম বিভাগ লিগের ট্রফি উন্মোচনটা আমরা কালকেই করবো আর বৃহস্পতিবার ৩০ তারিখ হবে প্রথম বিভাগ লিগের উদ্বোধনী ম্যাচ।' 

প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরুর দিন পিছিয়ে যাওয়াতে আশঙ্কা আছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শুরুটাও পিছিয়ে যাওয়ার, জানিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান, 'আমরা সাধারণত বিপিএলের সময়টায় প্রথম বিভাগ আয়োজন করি। বিপিএল শেষ হতে হতে প্রথম বিভাগ শেষ হয়ে যায়, বিপিএলের পর আমরা ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করি। এবার বিপিএলের সূচী একটু এগিয়ে আসায় আর প্রথম বিভাগ একটু দেরিতে শুরু হওয়াতে আমরা প্রিমিয়ার লিগ সময় মত শুরু করতে পারছি না, একটু পিছিয়ে যাচ্ছে। আমাদের একটা পরিকল্পনা আছে নির্দিষ্ট সময়ে প্রিমিয়ার লিগ শুরু করতে চাই, তখন দুইটা লিগ একসঙ্গে চলবে। প্রথম বিভাগও চলবে, প্রিমিয়ার লিগও চলবে। শুরুর সম্ভাব্য সময় ফেব্রুয়ারির শেষে, যেহেতু ফেব্রুয়ারি ২৮ দিনের তখন হয়তো ১ মার্চ শুরু হতে পারে। সেটা চূড়ান্ত করা হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে প্রিমিয়ারে ওঠা দলগুলোর সঙ্গে বৈঠকে বসার পর।'