ক্রীড়া বিষয়ক সর্বোচ্চ আদালত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টের (সিএএস) রায়ে ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের শিরোপা ফিরে পেয়েছে সেনেগাল। গত জানুয়ারিতে অনুষ্ঠিত নাটকীয় ফাইনালে মরক্কোকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সেনেগাল। তবে এর দুই মাস পর মার্চে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (ক্যাফ) আপিল প্যানেল সেই ফল বাতিল করে মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করেছিল।
ক্যাফের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সিএএসে আপিল করেছিল সেনেগাল। এক দিনের শুনানি ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে মঙ্গলবার (২৪ নভেম্বর) সিএএসের তিন বিচারকের প্যানেল সেনেগালের পক্ষে এই রায় প্রকাশ করেন। সুইজারল্যান্ডের সুপ্রিম কোর্টে এই রায়কে চ্যালেঞ্জ করার সুযোগ থাকলেও তা কেবল অত্যন্ত সীমিত পদ্ধতিগত কারণেই সম্ভব।
কী ঘটেছিল সেই নাটকীয় ফাইনালে? রাবাতে অনুষ্ঠিত সেই ফাইনালের নির্ধারিত সময়ের শেষ মিনিটে মরক্কোকে পেনাল্টি দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছেড়ে বেরিয়ে যান সেনেগালের খেলোয়াড়েরা। এতে প্রায় ১৫ মিনিট খেলা বন্ধ থাকে এবং স্টেডিয়ামজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে সেনেগালের তারকা ফরোয়ার্ড সাদিও মানের মধ্যস্থতায় দলটি আবার মাঠে ফিরতে রাজি হয়। রেফারি জঁ-জ্যাক এনদালা খেলা পুনরায় শুরু করলে মরক্কোর ব্রাহিম দিয়াজের পেনাল্টি শট রুখে দেন সেনেগালের গোলরক্ষক। এরপর অতিরিক্ত সময়ে পাপে গেইয়ের গোলে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সেনেগাল।
ক্যাফের শাস্তি ও আইনি লড়াই ফুটবলের প্রচলিত আইনে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। তবে ক্যাফের আপিল বিচারকেরা আফকনের টুর্নামেন্ট বিধিমালার উদ্ধৃতি দিয়ে জানিয়েছিলেন, কোনো দল যদি রেফারির অনুমতি ছাড়া নির্ধারিত সময় শেষ হওয়ার আগে মাঠ ত্যাগ করে বা খেলতে অস্বীকৃতি জানায়, তবে তাদের পরাজিত ও টুর্নামেন্ট থেকে বহিষ্কৃত বলে গণ্য করা হবে। সেই নিয়মের ভিত্তিতেই মার্চ মাসে সেনেগালের শিরোপা কেড়ে নেওয়া হয়েছিল।
এ ছাড়া শৃঙ্খলা ভঙ্গের দায়ে ক্যাফের ডিসিপ্লিনারি কমিটি দুই দেশের ফুটবল ফেডারেশন, খেলোয়াড় এবং সেনেগালের তৎকালীন কোচ পাপে থিয়াওকে মিলিয়ে ১০ লাখ ডলারেরও বেশি (প্রায় ১২ কোটি ২০ লাখ টাকা) জরিমানা করেছিল। তবে সিএএসের চূড়ান্ত রায়ে অবশেষে মাঠের জয় ও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট ফিরে পেল সেনেগাল।