ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল প্রবাসীর 

ফরিদপুরের আলফাডাঙ্গায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খোকন খান (৫০) নামের এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) গোপালপুর সড়কের নওয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত খোকন গোপালপুর ইউনিয়নের গোপালপুর পূর্ব পাড়ার মৃত তবিবুর রহমানের ছেলে। 

স্থানীয় ও থানা সূত্র জানায়, খোকন ও তার জামাতা সুমন শেখ (২৮) পৌর বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। তারা গোপালপুর সড়ক হয়ে নওয়াপাড়া পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। খোকন ঘটনাস্থলেই মারা যান। আহত সুমন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্রাক ও ট্রাকের চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।