রাজশাহীর তানোরে মোটরসাইকেল দুর্ঘটনায় ইউএস বাংলা এয়ারলাইন্সের সিনিয়র এক্সিকিউটিভ অফিসারসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে তানোর-মুন্ডুমালা সড়কের দেবীপুর পাঁচপির এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজশাহী মহানগরীর শিরোইল কলোনী এলাকার রফিকুল ইসলামের ছেলে ও ইউএস বাংলা এয়ারলাইন্সের রাজশাহীর সিনিয়র এক্সিকিউটিভ অফিসার জাহিদ আলম (৪৫) এবং নগরের শিরোইল এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে পলাশ (২৬)।
এ ঘটনায় আহত তানোরের গোল্লাপাড়া এলাকার গোবিন্দের ছেলে ভূপেন (২৬) ও একই এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে রিয়াজ (৩০) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশও স্থানীয় সূত্রে জানা গেছে, দেবীপুরের পাঁচপির এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।দুর্ঘটনাস্থলে মারা যান জাহিদ আলম। আর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান পলাশ।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে আর দুজন আহত হয়েছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের চিকিৎসা চলছে।