‘জাতীয়করণ করে শিক্ষকদের ক্লাসে ফিরিয়ে দিন’

আন্দোলনরত ইবতেদায়ি শিক্ষকদের ন্যায়সংগত দাবি বাস্তবায়ন করে তাদের ক্লাসরুমে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

সৈয়দ রেজাউল করীম বলেন, চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান নেওয়া ইবতেদায়ি শিক্ষকদের ওপর হামলা ও নির্যাতনের নিন্দা-প্রতিবাদ জানাই। আদর্শ দেশ ও জাতি গড়ার কারিগর অধিকার বঞ্চিত ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশি হামলা, নির্যাতনের ঘটনা অমানবিক ও মানবাধিকার লঙ্ঘনের শামিল। তিনি আরও বলেন, ‘৪০ বছর ধরে অনুদানভুক্ত ও অনুদানবিহীন মাদ্রাসার শিক্ষকরা বিনা বেতনে শিক্ষকতা পেশায় মানবেতর জীবনযাপন করার পরও তাদের যৌক্তিক সমস্যা সমাধান না করা দুঃখজনক।’