বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী এবার ঠিকানা বদলে যোগ দিয়েছেন ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের দল শেফিল্ড ইউনাইটেডে। লেস্টার সিটির সঙ্গে আড়াই বছরের চুক্তি থাকা সত্ত্বেও চলতি মৌসুমে ম্যাচ খেলার তেমন সুযোগ পাচ্ছিলেন না এই ২৭ বছর বয়সী মিডফিল্ডার। তাই ধারে শেফিল্ডে যোগ দিয়েছেন তিনি, যেখানে চুক্তির শর্ত অনুযায়ী স্থায়ীভাবে থেকে যাওয়ার সুযোগও রয়েছে।
হামজাকে নিয়ে শেফিল্ড ইউনাইটেড সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তাকে স্বাগত জানিয়েছে। ক্যাপশনে ক্লাব লিখেছে, “বাংলাদেশি ব্লেড।” শেফিল্ড ইউনাইটেডের জনপ্রিয় ডাকনাম ‘দ্য ব্লেডস’–এর সঙ্গে হামজার বাংলাদেশি পরিচয় মিলিয়ে এই অভিনন্দন বার্তা।
লেস্টার সিটির হয়ে এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে ৯১টি ম্যাচ খেলা হামজা চৌধুরী চলতি মৌসুমে খেলেছেন মাত্র ৬ ম্যাচ। এর মধ্যে প্রিমিয়ার লিগে মাত্র ৪টি। নতুন ক্লাবে যোগ দিয়ে উচ্ছ্বসিত হামজা বলেছেন, 'কয়েক সপ্তাহ ধরেই আলোচনা চলছিল। অবশেষে এখানে এসে ও খেলার জন্য প্রস্তুত হয়ে আমি খুশি।'
শেফিল্ড ইউনাইটেডের বর্তমান কোচ ক্রিস ওয়াইল্ডারের অধীনে ওয়াটফোর্ডে খেলার সময় কাজ করেছিলেন হামজা। কোচের ফোনেই নতুন দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। হামজা এ বিষয়ে বলেছেন, 'ওয়াটফোর্ডে তার সঙ্গে অল্প সময় কাজ করার সুযোগ হয়েছিল এবং সেটা বেশ উপভোগ করেছি। যখন তিনি আমাকে ফোন করলেন, আমার কাছে আর কোনো বিকল্প ছিল না।'
ফিফা গত বছরের ১৯ ডিসেম্বর হামজাকে বাংলাদেশ জাতীয় দলে খেলার ছাড়পত্র দিয়েছে। যদিও এখনো বাংলাদেশের হয়ে মাঠে নামার সুযোগ হয়নি তাঁর। নতুন ক্লাবে পারফর্ম করেই হয়তো জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন পূরণ করতে চান হামজা।