তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে, শীতে কাঁপছে দিনাজপুর

গত কয়েকদিন থেকে দিনাজপুরে বেড়েই চলেছে শীতের প্রকোপ। এ জেলার ওপর দিয়ে বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিনাজপুরে সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকাল ৬ টায় বাতাসের আদ্রতা ছিল ৯৩% এবং গত ২৪ ঘণ্টায় বাতাসের গড় গতিবেগ ছিল ঘণ্টায় ৩ কিলোমিটার। চূড়ান্ত সর্বনিম্ন তাপমাত্রা সকাল ৯টার পর জানানো হবে।

আবহাওয়াবিদদের ভাষায়, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে সেটাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে সেটা মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তীব্র শৈত্যপ্রবাহ বলে। আর যদি তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের আরও নিচে নেমে যায়, তাহলে তাকে তীব্রতর শৈত্যপ্রবাহ বলা হয়।

এ ধরনের আবহাওয়া আরও ২-১ দিন চলমান থাকতে পারে বলে জানিয়েছেন দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগরের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন।