সিরাজগঞ্জের শাহজাদপুরের দরিদ্র মেধাবী জাকারিয়া (১৮) কুয়েটে চান্স পেয়েও তার ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। বাবা অসুস্থ দিনমজুর নাছির উদ্দিন অর্থাভাবে ছেলের ভর্তির অনিশ্চয়তায় দুঃচিন্তায় দিন পার করছে।
জানা গেছে, শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের চরকাদাই গ্রামের বাসিন্দা নাছির উদ্দিন (৬২) ও মমতাজ বেগম দম্পতির ৫ সন্তানের মধ্যে ৪র্থ সন্তান জাকারিয়া। তিনি স্থানীয় বেলতৈল উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন এ+ (জিপিএ-৫) পেয়ে শাহজাদপুর সরকারি কলেজে ভর্তি হয়। এ কলেজ থেকে ২০২৪ সালে তিনি গোল্ডেন এ+(জিপিএ-৫) পেয়ে উত্তীর্ণ হন।
এ বছর খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে ভর্তির জন্য মনোনীত হয়েছেন।
জাকারিয়ার বাবা নাছির উদ্দিন জানান, গ্রামের বিভিন্ন লোকের জমিতে কাজ করে সংসার চালিয়ে অনেক কষ্টে ছেলে মেয়েদের পড়াশোনা করিয়েছি। তার তৃতীয় সন্তান মামুন (২২) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন বিষয়ের ২য় বর্ষের ছাত্র। তিনি টিউশনি করে তার পড়াশনা চালিয়ে যাচ্ছে। কিন্তু ৪র্থ সন্তান জাকারিয়াকে কুয়েটে ভর্তি করাতে এখন তিনি হিমশিম খাচ্ছেন। একে তো নগদ টাকা নাই তার ওপর বয়স ও অসুস্থতার কারণে এখন আর আগের মতো কাজ করতে পারেন না। এ অবস্থায় তার ছেলে জাকারিয়ার কুয়েটে ভর্তি ও পড়াশুনার জন্য সমাজের বিত্তবানদের প্রতি অর্থনৈতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কেউ আমার সঙ্গে যোগাযোগ করেননি। তার পরিবার থেকে যোগাযোগ করলে অব্যশই সহায়তা করা হবে।