নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নয়ন নামে হাত-পা বাঁধা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে বৈদ্যেরবাজার নৌ-পুলিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় নিহতের পরনে ট্রাউজার ও শার্ট পরিহিত ছিল।
স্থানীয়রা জানান, যুবকের মরদেহটি ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকবাসী। পরে দুপুর আনুমানিক ১২টার দিকে বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। উদ্ধারের পর মৃতের কপাল ও গালে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ পাওয়া গেছে।
সোনারগাঁ থানার বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, নিহত নয়ন রাজধানীর মোহাম্মদপুর থানার টিক্কাপাড়ার ১৫/সি-১৯নং বাড়ির মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের বেলপাড়া এলাকার মোক্তার হোসেনের বাড়িতে ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাতেন ।
নিহতের স্বজনরা জানান, সোমবার অটোরিকশা চালানোর জন্য বের হয়ে নয়ন আর বাসায় ফিরেনি। হয়তো তাকে হত্যা করে দুবৃত্তরা অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে।
এদিকে ময়নাতদন্তের জন্য লাশ জেলা হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ ।