দনিয়া কলেজের সামনে যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীর শনিরআকড়ার দনিয়া কলেজের সামনে মিনহাজুল ইসলাম (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দনিয়া কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিচিত তানজিল হোসেন জানান, মিনহাজ দনিয়া কলেজের সাবেক ছাত্র। বর্তমানে একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করতেন। মিনহাজের বাবা রফিকুল ইসলাম মহানগর দক্ষিণ ওলামাদলের সাধারণ সম্পাদক।

তিনি আরও জানান, মিনহাজ দনিয়া কলেজের সাবেক ছাত্র। নুরপুর এলাকার মাহফুজ, শাওন, সাইফুল, সোহান, সৌরভ এরাও দনিয়া কলেজে পড়তেন। এর মধ্যে সাইফুল ও সোহান ছাত্রলীগের রাজনীতি করতেন। মিনহাজ ছাত্রদলের সমর্থক ছিলেন। এসব বিষয় নিয়ে তাদের সঙ্গে মিনহাজের দ্বন্দ্ব ছিল। জুলাইয়ের ছাত্র আন্দোলনের সাথে মিনহাজ সক্রিয় ছিলেন।

ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শনিরআকড়া এলাকা থেকে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় বন্ধুরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বন্ধুরা জানান, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নিহত মিনহাজের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার সোনারাপুর গ্রামে। বাবার নাম রফিকুল ইসলাম। বর্তমানে কদমতলী সাদ্দাম মার্কেট তুষারধারা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।