ইউএসএআইডির ৬০ কর্তাকে ছুটি ট্রাম্পের

বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সহায়তা স্থগিত করার পর ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির প্রায় ৬০ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ইউএসএআইডির অ্যাক্টিং অ্যাডমিনিস্ট্রেটর জেসন গ্রের পাঠানো একটি অভ্যন্তরীণ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন নেতৃত্ব কয়েকটি কার্যক্রম চিহ্নিত করেছে, যা প্রেসিডেন্টের নির্বাহী আদেশ এবং যুক্তরাষ্ট্রের জনগণের মতামত এড়াতে পরিকল্পিত বলে মনে করা হচ্ছে। যার পরিপ্রেক্ষিতে আমরা কয়েকজন ইউএসএআইডি কর্মীকে পূর্ণ বেতন ও সুবিধাসহ প্রশাসনিক ছুটিতে পাঠিয়েছি। ক্ষতিগ্রস্ত কর্মীদের সংখ্যা উল্লেখ না করা হলেও, ছয়টি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রায় ৫৭ থেকে ৬০ জন কর্মী এই সিদ্ধান্তের আওতায় পড়েছেন।

এর আগে শনিবার, আমেরিকা ফার্স্ট নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্বব্যাপী সহায়তা বরাদ্দকরণে পরিবর্তন আনতে ইউএসএআইডি কর্মীদের আহ্বান জানায় ট্রাম্প প্রশাসন। এই সিদ্ধান্ত বিশ্বের বৃহত্তম একক দাতার পক্ষ থেকে দেওয়া বিলিয়ন ডলার মূল্যের জীবন রক্ষাকারী সহায়তাকে হুমকির মুখে ফেলেছে। ২০২৩ অর্থবছরে মার্কিন যুক্তরাষ্ট্র ৭২ বিলিয়ন ডলারের সহায়তা বরাদ্দ করেছিল। ২০২৪ সালে জাতিসংঘের পর্যবেক্ষণে থাকা মানবিক সহায়তার ৪২ শতাংশ দিয়েছে যুক্তরাষ্ট্র।

ছুটিতে পাঠানো এসব কর্মীরা ইউএসএআইডির ওয়াশিংটনভিত্তিক বিভিন্ন ব্যুরোর নেতৃত্বে ছিলেন। তাদের মধ্যে জ্বালানি নিরাপত্তা, পানি নিরাপত্তা, শিশু শিক্ষা এবং ডিজিটাল প্রযুক্তির মতো ক্ষেত্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অন্তর্ভুক্ত। এমনকি সংস্থার সাধারণ পরামর্শক দপ্তরের কর্মীদেরও লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে এ বিষয়ে ইউএসএআইডি কোনো মন্তব্য করতে রাজি হয়নি।