ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ, যানবাহনের দীর্ঘ যানজট

মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের গোলড়া গ্রামের স্থানীয় বাসিন্দারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টা থেকে গোলড়া-নয়া ডিঙ্গি মাঝামাঝি স্থানে অবরোধ করেছেন। 

বিকাল ৪টা ১৫ মিনিট পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কটি অবরোধ রয়েছে। এতে এ মহাসড়কে কয়েক ঘণ্টা ধরে যানচলাচল বন্ধ রয়েছে। ফলে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক স্বাভাবিক করার চেষ্টা চলছে।

খোজ নিয়ে জানা যায়, সকাল  সাড়ে ১১টার দিকে গোলড়া গ্রামের মানুষ মহাসড়কে অবস্থান নেন এবং পরে অবরোধ গড়ে তোলেন। তাদের অভিযোগ, সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের গোলড়া গ্রামের একটি শতবর্ষী সড়ক স্থানীয় দুটি শিল্পপ্রতিষ্ঠান তারাসিমা অ্যাপারেলস লিমিটেড ও পেয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড ব্লক করে দেয়। ফলে তাদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিনের পুরনো সড়ক পুনরুদ্ধারের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।

 অবরোধকারীদের দাবি, আওয়ামী সরকারের সময়ে তাদের নেতাকর্মীদের রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোম্পানি দুটি রাতারাতি ওই সড়কে পাকা দেয়াল তুলে দেয়। ফলে গ্রামবাসী তাদের ন্যায্য পথচলার অধিকার হারিয়েছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যতক্ষণ না বন্ধ হওয়া সড়কটি পুনরায় খুলে দেওয়া হবে, ততক্ষণ তারা সড়ক ছাড়বেন না।

এদিকে অবরোধের কারণে মহাসড়কে আটকে পড়েছে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন। পুলিশ ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম বলেন, গ্রামবাসী সকাল সাড়ে ১১ টা থেকে ঢাকা আরিচা মহাসড়কের গোলড়া-নয়া ডিঙ্গি মাঝামাঝি স্থানে অবস্থান নিয়েছে। যার ফলে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। তবে প্রশাসন, কোম্পানি কর্তৃপক্ষ ও গ্রামবাসীদের মধ্যে দফায় দফায় আলোচনা চলছে। বিকাল ৪টা ১৫ মিনিট পর্যন্ত অবরোধ না তোলায় ঢাকা-আরিচা মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। দ্রুতই একটি সমাধান বেরিয়ে আসবে।