বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই'র) অনুমোদন গ্রহণ না করে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে মশার কয়েল উৎপাদন করে আসছে কেরানীগঞ্জ বিসিকের সুনন ইন্টারন্যাশনাল নামক প্রতিষ্ঠানটি।
আজ বৃহস্পতিবার বিএসটিআইর মোবাইল কোর্ট পরিচালনাকালে অনুমোদনবিহীন এ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতিমা লিজা।
অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি ড্রাগন ব্রান্ডের মশার কয়েলের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ করে অনুমোদিত ব্রাণ্ডের পাশাপাশি ড্রাগন গুইলাইনসহ বেশকিছু ব্রাণ্ডের মশার কয়েল উৎপাদন করছে। এ সকল ব্রান্ডসমূহে বিএসটিআই ও খামারবাড়ি অনুমোদিত কেমিক্যাল বাদ দিয়ে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অননুমোদিত কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে।
প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে আদালত ১ লাখ টাকা জরিমানা আদায় করেন। মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে ফিল্ড অফিসার মো. আশিকুজ্জামান এবং মো. তারেক রহমান দায়িত্ব পালন করেন।