অভিষেকেই লাল কার্ড; ৩ মিনিট ৪৬ সেকেন্ডে ছাড়তে হলো মাঠ

লিভারপুলের মূল দলে অভিষেক, সেটাও আবার চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে; আমরা নাল্লোর দিনটা ছিল স্বপ্নের মতোই। কিন্তু তার সেই স্বপ্নের অভিষেক দুঃস্বপ্নে পরিণত হতে সময় নিল মাত্র ৩ মিনিট ৪৬ সেকেন্ড। প্রতিপক্ষকে মারাত্মক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে তাকে মাঠ ছাড়তে হয়। গত রাতে পিএসভির কাছে ম্যাচটি লিভারপুল হেরে যায় ৩-২ ব্যবধানে।

১৮ বছর বয়সী নাল্লো গতকালই প্রথমবার লিভারপুলের মূল দলে সুযোগ পেয়েছিলেন। ফিলিপস স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে মাঠে নেমেছিলেন ১৯ বছর বয়সী ফরোয়ার্ড ডেনস। ৮৩ মিনিটে ডেনসকে তুলে নাল্লোকে নামান লিভারপুল কোচ আর্নে স্লট। তারপরই ঘটে সেই ঘটনা। মাত্র দুটি পাস খেলার পর জোহান বাকায়েকোকে পেছন থেকে ফাউল করে বসেন নাল্লো।প্রতিপক্ষ খেলোয়াড়কে এভাবেই ফাউল করেন লিভারপুলের নাল্লো।

ঘটনা এতটাই বাড়াবাড়ি ছিল যে, নাল্লোকে সরাসরি লাল কার্ড দেখিয়ে দেন রেফারি। নতমস্তকে মাঠ ছাড়ার সময় নাল্লোকে স্বান্তনা দিচ্ছিলেন আর্নে স্লট। লিভারপুলের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ৩ মিনিট ৪৬ সেকেন্ডের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়ার বিব্রতকর রেকর্ডটি এখন নাল্লোর। এর আগে ১৯৯৮ সালের এপ্রিলে ম্যান ইউয়ের বিপক্ষে ১৮ বছর ১১৭ দিন বয়সে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন ইংল্যান্ড ও লিভারপুলের সাবেক স্ট্রাইকার মাইকেল ওয়েন।

ম্যাচ শেষে নাল্লোর প্রতি সমবেদনা প্রকাশ করে লিভারপুল কোচ বলেছেন, ‘এটা নির্মম। আমরা মূল দলে এর আগে কখনো খেলেনি, তারওপর চ্যাম্পিয়নস লিগের মতো পর্যায়ে অভিষেক তো আরও কঠিন। আমার মতে, সে পরিস্থিতিটা বুঝতে পারেনি। এই পর্যায়ের ম্যাচে কিংবা প্রিমিয়ার লিগে এটা সমস্যাই। আপনি হয়তো ভাবছেন, চ্যাম্পিয়নস লিগে অভিষিক্ত হব এবং তার কয়েক মিনিট পর লাল কার্ড দেখে মাঠ ছাড়াটা আসলেও খুব কঠিন। এখন তাকে চ্যাম্পিয়নস লিগে দ্বিতীয় ম্যাচটি খেলার লড়াইয়ে নামতে হবে। কাজটা সহজ হবে না। তবে আশা করি সে পারবে।’