সাবেক রেলমন্ত্রী সুজন তিনদিনের রিমান্ডে

পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া আল আমিন নামে এক ইজিবাইক চালককে হত্যার পর লাশ গুমের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সাড়ে ১১টায় শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদা আকতার জুলিয়েট।

এর আগে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত টানা এক ঘণ্টা শুনানি চলে। মামলায় সুজনের ৫ দিনের রিমান্ড চাইলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।  এ দিকে সাবেক রেলমন্ত্রীকে আদালতে তোলার আগে সকাল থেকে পুলিশি কড়া নিরাপত্তা জোরদার করা হয়। সকাল ১০টা ২০ মিনিটে সুজনকে আদালতে নিয়ে আসা হলে আদালত চত্বরে জড়ো হওয়া লোকজন ভূয়া ভূয়া, ভোট চোর ভোট চোর স্লোগান দিতে থাকেন। 

গত বছরের ৪ আগস্ট পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুম হন আল আমিন। এ ঘটনায় আল আমিনের বাবা মনু মিয়া গত ১০ নভেম্বর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেলমন্ত্রী সুজনসহ ১৯ জনকে আসামি করে হত্যা ও গুমের মামলা দায়ের করেন। এ মামলায় আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।