বিমানবন্দর থেকে আ. লীগ নেতা গ্রেপ্তার 

বিমানবন্দর দিয়ে মালয়েশিয়ায় পালানোর সময় জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাককে গ্রেপ্তার করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট ডিবি পুলিশের এসআই জাহাঙ্গীর আলম।

এর আগে, বুধবার মালয়েশিয়ায় পালানোর সময় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআই জাহাঙ্গীর আলম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ একাধিক মামলা রয়েছে জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকের বিরুদ্ধে। গত ৫ আগস্টের পর থেকে তিনি দেশেই আত্মগোপনে ছিলেন। কোনো আসামি যাতে দেশ ছেড়ে পালাতে না পারে এজন্য জয়পুরহাট পুলিশ সকল বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশকে চিঠি দিয়েছিল। এদিকে বুধবার সাবেক মেয়র মোস্তাক মালয়েশিয়ায় পালানোর জন্য ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। 

এ সময় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে জয়পুরহাট ডিবি পুলিশকে খবর দেয়। এরপর ডিবি পুলিশের একটি টিম ঢাকায় গিয়ে বৃহস্পতিবার সকালে তাকে জয়পুরহাটে নিয়ে এসে থানায় হস্তান্তর করে। এরপর বেলা ১২টার দিকে তাকে আদালতে সোপর্দ করা হয়।