রুশ-ইউক্রেন যুদ্ধের ফলে অর্থনীতির টালমাটাল অবস্থায় বিশ্বের অনেক উন্নত দেশ তাদের বৈদেশিক সহায়তা কমানো শুরু করেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো ইউরোপের দেশ সুইজারল্যান্ড। বাংলাদেশসহ ৩ দেশে উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড সরকার।
বুধবার (২৯ জানুয়ারি) সুইজারল্যান্ডের নির্বাহী সংস্থা ফেডারেল কাউন্সিলকে বৈদেশিক সহায়তা কমানোর বিষয়টি জানিয়েছে দেশটির পার্লামেন্ট।
এক বিবৃতিতে সুইস ফেডারেল কাউন্সিল জানিয়েছে, পার্লামেন্ট ২০২৫ সালের বৈদেশিক সহায়তা বাজেট থেকে ১১০ মিলিয়ন সুইস ফ্রাঁ (১২১ মিলিয়ন ডলার) এবং ২০২৬ থেকে ২০২৮ সালের আর্থিক পরিকল্পনা থেকে ৩২১ মিলিয়ন সুইস ফ্রাঁ কমিয়েছে।
দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে আলবেনিয়া, বাংলাদেশ ও জাম্বিয়ায় চলমান উন্নয়ন কর্মসূচি ২০২৮ সালের মধ্যে পর্যায়ক্রমে বন্ধ করবে এসডিসি। বাস্তব পরিস্থিতি, সুইজারল্যান্ডের দীর্ঘমেয়াদী স্বার্থ (কূটনৈতিক ও অর্থনৈতিক) ও অন্যান্য দেশের তুলনায় এসব দেশে সুইস আন্তর্জাতিক সহযোগিতার সামগ্রিক গুরুত্ব বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে বলা হয়।
২০২৫ থেকে ২০২৮ সালের মধ্যে নির্দিষ্ট দেশ ও বিষয়ভিত্তিক কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সংস্থার জন্য বরাদ্দও কমানো হবে। তবে মানবিক সহায়তা, শান্তি প্রতিষ্ঠা ও ইউক্রেনের জন্য বরাদ্দকৃত তহবিল অপরিবর্তিত থাকবে।