সুইজারল্যান্ডে আসিম মুনিরকে হত্যার ষড়যন্ত্র করেছিল মোসাদ

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৬:১৯ পিএম

সুইজারল্যান্ডে একটি শান্তি সম্মেলনে অংশ নেওয়ার সময় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে লক্ষ্য করে কথিত হত্যাচেষ্টা নস্যাৎ করা হয়েছে বলে দাবি করেছেন ব্রাজিলীয় সাংবাদিক ও ভূরাজনৈতিক বিশ্লেষক পেপে এসকোবার। তার এই বক্তব্যকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেবানিজ-অস্ট্রেলীয় উদ্যোক্তা ও রাজনৈতিক ভাষ্যকার মারিও নাওফালের সঙ্গে এক আলোচনায় এসকোবার দাবি করেন, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সুইজারল্যান্ডে অবস্থানরত আসিম মুনির এবং পাকিস্তানি প্রতিনিধিদলের সদস্যদের লক্ষ্য করে একটি পরিকল্পনা করেছিল। 

তার ভাষ্য অনুযায়ী, পাকিস্তানের সামরিক গোয়েন্দারা এ বিষয়ে ‘অত্যন্ত নির্ভরযোগ্য’ তথ্য পেয়ে আগাম ব্যবস্থা নেয়। এরপর কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইসরায়েলের কাছে একটি কঠোর বার্তা পাঠানো হয়।

এসকোবারের দাবি, পাকিস্তান তাদের মধ্যস্থতাকারী ওমানের মাধ্যমে ইসরায়েলকে জানায়, পাকিস্তানি প্রতিনিধিদলের কোনো ক্ষতি হলে তার কঠোর জবাব দেওয়া হবে।

ইসরায়েল ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এসকোবার এ মন্তব্য করেন। তবে তার দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ইসরায়েল বা পাকিস্তানের কোনো সরকারি কর্মকর্তা এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। একইভাবে সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র কিংবা পাকিস্তানের নিরাপত্তা সংস্থাগুলোর পক্ষ থেকেও এমন কোনো হুমকি বা হত্যাচেষ্টার বিষয়ে কোনো সতর্কতা জারি করা হয়নি।

উল্লেখ্য, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি উদ্যোগ নিয়ে আলোচনায় অংশ নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে অবস্থান করেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত