শ্রীপুরে অটোরিকশা চাপায় মায়ের সামনে ছেলের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে বেপরোয়া গতির অটোরিকশা চাপায় মিরাজ আহাম্মেদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মা পারভীন আক্তারের সঙ্গে নানাবাড়ি বেড়াতে যাওয়ার সময় অটোরিকশা চাপায় মায়ের সামনেই তার মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত শিশু মিরাজ শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি গ্রামের রুহুল আমিনের ছেলে। সে বনরুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। ঘাতক অটোরিকশা ও চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

নিহতের স্বজনরা জানান, মা ও ছেলে শ্রীপুর চৌরাস্তা থেকে একটি অটোরিকশায় নানাবাড়ি যাচ্ছিল। টেংরা বাজারে পৌঁছে মা ও ছেলে অটো থেকে নেমে ভাড়া দেওয়ার সময় উল্টো দিক থেকে আসা দ্রুতগতির একটি অটোরিকশা মিরাজকে ধাক্কা দেয়। এতে মিরাজ সড়কেই ছিটকে পড়ে এবং আঘাত লেগে মাথা থেঁতলে যায়।

শ্রীপুর মডেল থানার এসআই সুজন কুমার প-িত বলেন, অটোরিকশা ও চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে মুন্সীগঞ্জের গজারিয়ায় ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। গত বুধবার রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া পাখির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম স্বাধীন হোসেন সুমন (৩৬)। তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাসিন্দা। আহতদের মধ্যে ৯ জনের নাম জানা গেছে। তারা হলেন ছফির আলী (৪৫), ইসলাম (৪০), এরশাদুল (৩৫), ফারুক (২২), হাবিবুর রহমান (৩০), আরশাদুল (২৫), শফিকুল ইসলাম (৩০), নুরুজ্জামান (৩৫) ও মাহাবুব (২২)।

জানা যায়, কুমিল্লা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস গজারিয়া অংশের বাউশিয়া পাখির মোড় এলাকায় পৌঁছালে কুমিল্লাগামী লেন থেকে একটি ট্রাক ইউটার্ন নিয়ে ঢাকাগামী লেনে যাওয়ার সময় বাসটিকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী বাসটি রোড ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে সুমনের মৃত্যু হয়। আহত ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আশরাফুল আলম শুভ বলেন, ‘আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’