ইউরোপার শেষ ষোলোয় ম্যানইউ, কে হচ্ছে পরবর্তী প্রতিপক্ষ

ম্যানচেস্টার ইউনাইটেড তাদের সাম্প্রতিক ছন্দ ধরে রেখে সহজেই পৌঁছে গেল ইউরোপা লিগের শেষ ষোলোতে। স্টেয়াউয়াকে ২-০ গোলে হারানোর ম্যাচে দলের জয়সূচক গোল দুটি করেছেন দিওগো দালো ও কোবি মেইনু। বিশেষ করে ৬৮তম মিনিটে মেইনুর গোলে জয় নিশ্চিত হয়, যেখানে অ্যালেহান্দ্রো গারনাচোর ক্রসে ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করেন ইংলিশ মিডফিল্ডার।

রুবেন আমোরিমের অধীনে এটি ইউনাইটেডের টানা তৃতীয় জয়, যা চলতি মৌসুমে প্রথমবারের মতো ঘটল। এর ফলে ফেব্রুয়ারিতে দলকে প্লে-অফ খেলার ঝামেলা পোহাতে হবে না, বরং পরবর্তী পর্বের জন্য নিরবচ্ছিন্ন প্রস্তুতির সুযোগ পাবে। শুক্রবারের ড্রয়ে নির্ধারিত হবে ইউনাইটেডের পরবর্তী প্রতিপক্ষ—মিটল্যান্ড, আল্কমার, রিয়াল সোসিয়েদাদ অথবা গালাতাসারাই।

আমোরিম বললেন, ‘আমরা ধাপে ধাপে এগোতে পারি। ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব হচ্ছে প্রতিটি ট্রফির জন্য লড়াই করা। এই পর্যায়ে এসে কিছুই অসম্ভব নয়।’

রোমানিয়ান চ্যাম্পিয়ন স্টেয়াউয়ার দল গড়তে যেখানে খরচ হয়েছে ৩২ মিলিয়ন পাউন্ড, সেখানে ইউনাইটেডের স্কোয়াডের মূল্য ২৬৭.৫ মিলিয়ন পাউন্ড, যার মধ্যে শুধু রাসমুস হইলুন্ডের দাম ৭২ মিলিয়ন। তবে মৌসুমে মাত্র পাঁচ গোল করা ড্যানিশ স্ট্রাইকার এই ম্যাচেও গোলের জন্য সংগ্রাম করেছেন।

প্রথমার্ধে ইউনাইটেড বেশ ভালো খেললেও ফিনিশিং ছিল হতাশাজনক। হইলুন্ড একবার মুক্ত হেড পেয়েও লক্ষ্যভ্রষ্ট করেন, মেইনু খুব কাছ থেকে মিস করেন, গারনাচো গোলপোস্টে শট লাগান। ৪৫ মিনিট শেষে ইউনাইটেড ৬৯% বলের দখল ধরে রাখলেও গোলের জন্য অপেক্ষা করতে হয় দ্বিতীয়ার্ধ পর্যন্ত।

দ্বিতীয়ার্ধে পরিবর্তন আনেন আমোরিম। টাইরেল মালাসিয়া ও টবি কলিয়ারের জায়গায় মাঠে নামেন আমাদ দিয়ালো ও গারনাচো। মাঠে নেমেই প্রভাব ফেলেন গারনাচো, তবে তার প্রথম শট গোলপোস্টে লেগে ফিরে আসে।

অবশেষে ৬৭ মিনিটে দালো ইউনাইটেডের লিড এনে দেন। ব্রুনো ফার্নান্দেজের শট বারে লেগে ফিরলে স্টেয়াউয়ার ডিফেন্ডাররা তা ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি, সুযোগ বুঝে এগিয়ে এসে দালো বল জালে ঠেলে দেন।

এক মিনিট পরই আসে দ্বিতীয় গোল। গারনাচোর ক্রস থেকে ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান মেইনু, যা নিশ্চিত করে ইউনাইটেডের জয়।

শেষ সময়ে আলেক্সান্দ্রু বালুটার এক শট দারুণভাবে ঠেকিয়ে দেন আলতাই বাইন্দির। ফলে ইউনাইটেড আর কোনো বিপদে পড়েনি, বরং সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে।

এখন চোখ শুক্রবারের ড্রয়ে—কে হবে ইউনাইটেডের পরবর্তী প্রতিপক্ষ?

শেষ ষোলোয় যারা

লাৎসিও, অ্যাথলেটিক বিলবাও, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম, এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, লিওঁ, অলিম্পিয়াকোস ও রেঞ্জার্স।

প্লে–অফে যারা

বোডো/গ্লিমিট, আন্ডারলেখট, স্টুয়া বুখারেস্ট, আয়াক্স, রিয়েল সোসিয়েদাদ, গ্যালাতাসারে, রোমা, ফেরেঙ্কভারোস, ভিক্টোরিয়া প্লজেন, পোর্তো, মিডজিল্যান্ড, ইউনিয়ন সাঁত–গিলিওস, এজেড আলকমার, পিএওকে, টুয়েন্টে ও ফেনেরবাচে।