দুর্নীতির অভিযোগে কারাদণ্ডের পর সম্প্রতি লাহোরের ঐতিহ্যবাহী গাদ্দাফি স্টেডিয়ামের একটি এনক্লোজার থেকে পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের নাম লেখা বোর্ড সরিয়ে ফেলা হয়েছিল। এরপর থেকেই গুঞ্জন ছড়ায়, রাজনৈতিক কারণেই হয়তো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরানের নাম মুছে ফেলা হচ্ছে। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছে পিসিবি।
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। সে উপলক্ষেই গাদ্দাফি স্টেডিয়ামে সংস্কার কাজ চলছিল। স্টেডিয়ামের ভিআইপি স্ট্যান্ডগুলির মধ্যে একটি ‘ইমরান খান এনক্লোজার’, যা ১৯৯২ সাল থেকে ভেন্যুটিতে স্থায়ীভাবে ব্যবহৃত হয়ে আসছে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, ইমরান খান এনক্লোজার নামেই চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট বিক্রি করা হচ্ছে।
পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ এর প্রধান ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি অবস্থায় আছেন। তিনি দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করে বলেছেন যে, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। সম্প্রতি একটি আদালত তাকে এবং তার স্ত্রী বুশরা বিবিকে দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত করে যথাক্রমে ১৪ এবং সাত বছরের কারাদণ্ড দিয়েছে।