ফরচুন বরিশালের হয়ে ফাহিম আশরাফ এবং রংপুর রাইডার্সের হয়ে খুশদিল শাহ এবার দারুণ মাতিয়েছেন বিপিএলে। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে ভালো খেলে এবার চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় আসরে পাকিস্তান দলে জায়গা করে নিয়েছেন এ দুজন।
শুক্রবার চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে স্বাগতিক পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে এবারের আসরে দলে ফিরেছেন অভিজ্ঞ ফখর জামান ও সৌদ শাকিল। আগের দক্ষিণ আফ্রিকা সিরিজের দল থেকে বাদ পড়েছেন আবদুল্লাহ শফিক, মোহাম্মদ ইরফান খান, সাইম আইয়ুব এবং সুফিয়ান মাকিম। চ্যাম্পিয়নস ট্রফিতে ‘এ’ গ্রুপে খেলবে এবং ১৯ ফেব্রুয়ারি করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে দলটি। এরপর ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের এবং ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে খেলবে তারা।
পাকিস্তান স্কোয়াড : মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক, উইকেটকিপার), ফখর জামান, বাবর আজম, কামরান গুলাম, সৌদ শাকিল, তৈয়ব তাহির, ফাহিম আশরাফ, খুশদিল শাহ, সালমান আগা, উসমান খান, আবরার আহমেদ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, শাহিনশাহ আফ্রিদি